• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চিন্ময়ের আইনজীবীকে ফিরে যেতে হয়েছে

   ১২ ডিসেম্বর ২০২৪, ০২:৪৭ পি.এম.
সংগৃহিত ছবি

চট্টগ্রাম প্রতিনিধি 

চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর হয়ে চট্টগ্রাম আদালতে আইনি লড়াই চালাতে আসা ঢাকার এক আইনজীবীকে ফিরে যেতে হয়েছে। আসামিপক্ষে ওকালতনামা, আসামির আইনজীবীর অনুমতিপত্র না থাকাসহ আইনি লড়াই চালাতে যেসব প্রচলিত নিয়ম রয়েছে, সেগুলোর কোনোটিই তার ছিল না। পরে আদালত ওই আইনজীবীর দায়ের করা তিনটি আবেদনই নামঞ্জুর করে দিয়েছেন। তাকে আইন অনুসরণ করে আসতে বলেছেন বিচারক।

বুধবার (১১ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক সাইফুল ইসলাম উভয়পক্ষের শুনানি শেষে রবীন্দ্র ঘোষ নামে ওই আইনজীবীর দরখাস্ত নন মেইনটেইনেবল বলে নামঞ্জুর করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী। তিনি বলেন, ‘আসামিপক্ষে সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী রবীন্দ্র ঘোষ মহানগর দায়রা জজ আদালতে তিনটি দরখাস্ত দিয়েছেন। একটি চিন্ময়ের মামলার শুনানির আবেদন, আরেকটি মামলার নথি উপস্থাপন এবং অন্যটি জামিন শুনানির তারিখ এগিয়ে আনার জন্য।’

তিনি বলেন, ‘আদালত যথারীতি দুই পক্ষের কথা শোনেন। যেহেতু ঢাকা থেকে আসা ওই আইনজীবীর সঙ্গে চট্টগ্রাম বারের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না, আসামির পক্ষে উনার ওকালতনামা নেই এবং আসামিপক্ষে যে ফাইলিং আইনজীবী ছিলেন, উনার লিখিত অনুমতিও ছিল না। তাই আদালত উনার তিনটি দরখাস্ত নট মেইনটেইনেবল বলে নামঞ্জুর করেছেন।’

রাষ্ট্রপক্ষের এই আইনজীবী বলেন, ‘শুনানি, নথি উপস্থাপন বা যে কোনো দরখাস্তের জন্য অবশ্যই চট্টগ্রাম বারের একজন আইনজীবীর ওকালতনামা দিতে হবে অথবা এনগেইজড কোনো আইনজীবীকে বলতে হবে যে, ঢাকা থেকে যিনি এসেছেন, তাকে তিনি ক্ষমতা দিয়েছেন। এটা উনার কাছে না থাকায় আদালত আবেদনগুলো রিজেক্ট করে দিয়েছেন।’

শুনানি শেষে আদালত প্রাঙ্গণে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কফিল উদ্দিন বলেন, ‘সুপ্রিম কোর্টের আইনজীবী আদালতকে বলেছেন, চিন্ময়ের মামলাটির তারিখ এগিয়ে আনার জন্য। আমরা বলেছি, উনার এ ধরনের দরখাস্ত দেওয়ার আইনগত অধিকার নেই। কারণ উনার কোনো ওকালতনামা নেই এবং যিনি এই মামলা ফাইল করেছেন তার পক্ষ থেকে তাকে কোনো পাওয়ার দেওয়া হয়নি।’

মামুন/ভিওডি বাংলা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পঞ্চগড়ে আন্তর্জাতিক রেডক্রিসেন্ট দিবস পালন
পঞ্চগড়ে আন্তর্জাতিক রেডক্রিসেন্ট দিবস পালন
চার মাস ধরে স্থবির শালবাহান ইউনিয়ন পরিষদের কার্যক্রম
চেয়ারম্যান-ইউএন দ্বন্দ্ব চার মাস ধরে স্থবির শালবাহান ইউনিয়ন পরিষদের কার্যক্রম
রাজাপুরে দুর্যোগ আশ্রয়কেন্দ্রে চুরি
রাজাপুরে দুর্যোগ আশ্রয়কেন্দ্রে চুরি