নেত্রকোনায় ইয়াবাসহ মাদক সম্রাট গ্রেপ্তার

নেত্রকোনা জেলার মদন উপজেলায় দুইশো পিস ইয়াবাসহ জাহান মিয়া (২৮) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মদন থানা পুলিশ। জাহান মিয়া উপজেলার নায়েকপুর ইউনিয়নের আলমশ্রী দক্ষিণ পাড়া গ্রামের মৃত ইনচান মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে উপজেলার ফতেপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে ইতিপূর্বে আরও মাদক মামলা রয়েছে এবং একটি মাদক মামলায় তার বিরুদ্ধে দুই বছরের সাজার পরোয়ানা (ওয়ারেন্ট) ছিল।
পুলিশ জানায়, মদন থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ তরিকুল ইসলামের নেতৃত্বে এসআই ফয়সাল, এসআই তারা মিয়া, এএসআই সাকিব, এএসআই হুমায়ুন কবীর এবং কনস্টেবল মমিনুল ইসলামসহ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের পশ্চিম ফতেপুর গ্রামের জনৈক হাজী মো. সাদেক আলীর বাড়ির সামনের কাঁচা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দুইশো পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
এ বিষয়টি নিশ্চিত করেছেন মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম।
তিনি জানান, গ্রেফতারকৃত জাহান মিয়া একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া আগে থেকেই তার নামে ২ বছরের সাজার একটি পরোয়ানা ছিল।
তিনি আরও বলেন, “মদন থানাকে মাদক ও অপরাধমুক্ত রাখতে আমাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।”
ভিওডি বাংলা/এসআর







