রাজাপুরে দুর্যোগ আশ্রয়কেন্দ্রে চুরি

ঝালকাঠির রাজাপুর উপজেলার বড় কৈবর্তখালী এলাকার একটি দুর্যোগ আশ্রয়কেন্দ্র (মুজিব কেল্লা) থেকে সিলিং ফ্যান, বৈদ্যুতিক লাইটসহ বিভিন্ন সরঞ্জাম চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাতে এ ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে আশ্রয়কেন্দ্রটির দরজা-জানালার অবস্থা অস্বাভাবিক দেখে স্থানীয়রা ভেতরে প্রবেশ করেন। পরে ভবনের বিভিন্ন কক্ষ থেকে ১৪টি সিলিং ফ্যান, ১০টি বৈদ্যুতিক লাইট ও অন্যান্য সরঞ্জাম খোয়া যাওয়ার বিষয়টি নজরে আসে। ভবনের ক্যাচি গেটের তালাও ভাঙা অবস্থায় পাওয়া যায়।
এ ঘটনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহায়ক মাসুদ রানা বাদী হয়ে রাজাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সংশ্লিষ্টরা ঘটনাস্থলে গিয়ে চুরির সত্যতা নিশ্চিত হন। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রাতের আঁধারে আশ্রয়কেন্দ্রে প্রবেশ করে এসব মালামাল নিয়ে যায়।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে আশ্রয়কেন্দ্রটি অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে। নিয়মিত তদারকি ও নিরাপত্তা ব্যবস্থা না থাকায় সেখানে প্রায়ই মাদকসেবীদের আড্ডা বসে এবং অসামাজিক কর্মকাণ্ড ঘটে। স্থানীয়দের ধারণা, এ চুরির সঙ্গে ওই চক্রের কেউ জড়িত থাকতে পারে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিউল বসার বলেন, “ঘটনার বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।”
বড়কৈবর্তখালীর গ্রাম পুলিশ সদস্য মেহেদী মৃধা জানান, ভবনটির বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন, “চুরির বিষয়টি জেনেছি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।”
দুর্যোগকালে সাধারণ মানুষের আশ্রয়ের জন্য নির্মিত গুরুত্বপূর্ণ স্থাপনায় চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা দ্রুত জড়িতদের শনাক্ত ও আশ্রয়কেন্দ্রটির নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।
ভিওডি বাংলা/এসআর







