বাকবিতণ্ডায় ব্রাজিল সমর্থকের নাক ফাটাল আর্জেন্টিনা সমর্থক

আর্জেন্টিনা ও মিসরের বিশ্বকাপ ম্যাচকে কেন্দ্র করে চট্টগ্রামের মিরসরাইয়ে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খেলা চলাকালে গোল উদযাপনকে কেন্দ্র করে শুরু হওয়া বাকবিতণ্ডা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নিলে উভয় পক্ষের দুই সমর্থক আহত হন।
মঙ্গলবার ৭ জুলাই রাতে মিরসরাই উপজেলার কাটাছরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তেতৈয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ব্রাজিল সমর্থক মাঈনুদ্দিন মিঠু (৩৫) এবং আর্জেন্টিনা সমর্থক মোহাম্মদ সাকিব (২০)। তাদের মধ্যে মাঈনুদ্দিন মিঠুর নাক ও চোখে গুরুতর আঘাত লাগে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে ম্যাচ চলাকালে মিসর গোল করলে ব্রাজিল সমর্থক মাঈনুদ্দিন মিঠু উল্লাস প্রকাশ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে আর্জেন্টিনা সমর্থক সাকিবের সঙ্গে তার কথাকাটাকাটি শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। এতে মিঠুর নাক ফেটে যায় এবং চোখে গুরুতর আঘাত লাগে। অন্যদিকে সাকিবের মাথায়ও আঘাত লাগে।
স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত মাঈনুদ্দিন মিঠুকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাজু সিংহ বলেন, "খেলা নিয়ে বাকবিতণ্ডার জেরে আহত এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তার নাকে ও চোখে গুরুতর আঘাত ছিল এবং প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।"
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য