গোপন তথ্যে কোস্ট গার্ডের তল্লাশি, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পরিচালিত বিশেষ অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, ফাঁকা কার্টিজ ও গান পাউডার উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তবে অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একই দিন সকাল ৭টার দিকে টেকনাফ থানার মহেশখালিয়া পাড়া এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে একটি সন্দেহভাজন বসতবাড়িতে তল্লাশি চালানো হলে সেখানে লুকিয়ে রাখা বিভিন্ন ধরনের অস্ত্র ও বিস্ফোরক-সংশ্লিষ্ট সামগ্রী উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া আলামতের মধ্যে রয়েছে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড তাজা গোলাবারুদ, ৩৭ রাউন্ড এমটি ফাঁকা কার্টিজ এবং প্রায় ২৫ গ্রাম গান পাউডার।
কোস্ট গার্ড জানায়, অভিযান চলাকালে বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে সংশ্লিষ্ট দুর্বৃত্তরা দ্রুত স্থান ত্যাগ করে। ফলে ঘটনাস্থল থেকে কোনো ব্যক্তি বা সন্দেহভাজনকে আটক করা সম্ভব হয়নি। তবে উদ্ধার হওয়া অস্ত্র ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে এবং সেগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও সন্ত্রাসী কার্যক্রম দমনে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।
ভিওডি বাংলা/জা








মন্তব্য