ভূমি অফিসে টাকা নেওয়ার ভিডিও, কর্মকর্তা বললেন ‘ধারের টাকা’
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ‘খ’ ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা ইমরান শেখের বিরুদ্ধে সেবাগ্রহীতার কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। চেয়ারে বসে টাকা গুনে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রোববার (২৭ জুলাই) বিকেলে দুই মিনিট ২২ সেকেন্ডের ওই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, সাতৈর ইউনিয়নের এক সেবাগ্রহীতার কাছ থেকে অফিসের চেয়ারে বসে টাকা নিচ্ছেন ইমরান শেখ। এ সময় তাকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সম্পর্কেও মন্তব্য করতে শোনা যায়।
ভিডিওতে ইমরান শেখকে বলতে শোনা যায়, ‘উনিও চল্লিশতম বিসিএস, আমিও চল্লিশতম বিসিএস। উনার কপাল ভালো, উনি ক্যাডার হয়েছেন, আর আমি নন-ক্যাডার হয়েছি।’
তবে অভিযোগ অস্বীকার করে ইমরান শেখ দাবি করেন, ভিডিওতে নেওয়া টাকা ঘুষের নয়, বরং ধার দেওয়া টাকা ফেরত নেওয়ার সময়ের দৃশ্য। তিনি বলেন, অনেক মানুষ তাঁর কাছ থেকে টাকা ধার নেন এবং পরে তা ফেরত দেন। ওই টাকা ফেরত নেওয়ার সময় ভিডিওটি ধারণ করা হয়েছে।
তবে কার কাছে তিনি টাকা ধার দিয়েছিলেন এবং ভিডিওতে টাকা দেওয়া ব্যক্তির পরিচয় কী—এ বিষয়ে কোনো তথ্য দিতে রাজি হননি তিনি।
এ বিষয়ে বক্তব্য জানতে বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান বলেন, এর আগে সরেজমিনে ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে গিয়ে ইমরান শেখকে না পাওয়ায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। টাকা নেওয়ার অভিযোগ তদন্তে সত্য প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ভিওডি বাংলা/আ









মন্তব্য