ঢাকাই চলচ্চিত্রের খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা করেছেন তার আপন খালাতো ভাই আজিজুর রহমান টাইগার।
রোববার (২৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে এ মামলা দায়ের করেন এ ওয়ান ট্রেডিং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান টাইগার। মামলায় ডিপজলের পাশাপাশি তার ম্যানেজার আব্দুল গণি এবং ব্যক্তিগত সহকারী খোকনকেও আসামি করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী মাজহারুল ইসলাম মারুফ জানান, আদালত মামলাটি আমলে নিয়ে অভিযোগের বিষয়ে তদন্ত করতে ডিবি পুলিশের উপকমিশনারকে (ডিসি) নির্দেশ দিয়েছেন। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, আজিজুর রহমান টাইগারের সামাজিক অবস্থান, ব্যবসায়িক সাফল্য ও দেশ-বিদেশে পরিচিতিতে ঈর্ষান্বিত হয়ে ডিপজল তার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালিয়েছেন। এর ধারাবাহিকতায় গত বছরের ৩ আগস্ট ডিপজলের ম্যানেজার আব্দুল গণি দারুস সালাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ওই জিডিতে অভিযোগ করা হয়, টাইগারের নির্দেশে কয়েকজন ব্যক্তি নাভানা সিএনজির একটি সাইনবোর্ড ভেঙে নিজেদের নামে নতুন সাইনবোর্ড লাগানোর চেষ্টা করেন এবং সম্পত্তির মালিকানা দাবি করে ভাড়া দাবি করেন। তবে তদন্তে টাইগারের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পায়নি পুলিশ বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
বাদীর দাবি, সংশ্লিষ্ট সম্পত্তির প্রকৃত মালিক তিনি নিজেই। এরপরও ডিপজল নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি নিয়ে পোস্ট করেন এবং বিভিন্ন টেলিভিশন, পত্রিকা ও অনলাইন মাধ্যমে বক্তব্য দিয়ে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করেন।
আজিজুর রহমান টাইগারের অভিযোগ, এসব প্রচারের ফলে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে, ব্যবসায়িক সুনাম নষ্ট হয়েছে এবং কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে।
তবে এ বিষয়ে মনোয়ার হোসেন ডিপজল বা অন্য আসামিদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ভিওডি বাংলা/শাহাদাত হাওলাদার/আ









মন্তব্য