• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

আজ উল্টো রথে শেষ হচ্ছে জগন্নাথদেবের রথযাত্রা

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৪ জুলাই ২০২৬, ১০:৫১ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহিত
ছবি: সংগৃহিত

উল্টো রথ টানার মধ্য দিয়ে আজ শুক্রবার (২৪ জুলাই) শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা। গত ১৬ জুলাই শুরু হওয়া নয় দিনব্যাপী এ উৎসবের সমাপ্তি ঘটবে উল্টো রথযাত্রার মাধ্যমে।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথদেব জগতের অধীশ্বর। তাঁর কৃপা লাভের মাধ্যমে মানুষ মোক্ষ বা মুক্তিলাভ করে এবং পুনর্জন্মের বন্ধন থেকে মুক্ত হয়। এই বিশ্বাস থেকেই রথে জগন্নাথদেবের প্রতিমা স্থাপন করে শোভাযাত্রার আয়োজন করা হয়।

উল্টো রথযাত্রা উপলক্ষে দেশের বিভিন্ন মন্দির ও ধর্মীয় সংগঠন নানা আয়োজন করেছে। সকালে মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে দিনের কর্মসূচি। এর মধ্যে রয়েছে হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্রী যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, ভাগবত পাঠ, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

রাজধানী ঢাকায় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বিকেলে বর্ণাঢ্য উল্টো রথযাত্রার আয়োজন করেছে। এ উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের মেলা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আলোচনা শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম উল্টো রথযাত্রার উদ্বোধন করবেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করবেন স্বামীবাগ আশ্রমের অধ্যক্ষ ও ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক নিতাই স্বামী মহারাজ।

পরে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে জগন্নাথদেব, শুভদ্রা ও বলরামের প্রতিকৃতিসহ তিনটি সুসজ্জিত রথ নিয়ে শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রাটি পলাশী মোড়, জগন্নাথ হল, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট, জাতীয় প্রেসক্লাব, মতিঝিল, শাপলা চত্বর, ইত্তেফাক মোড়, টিকাটুলি, রাজধানী সুপার মার্কেট ও জয়কালী মন্দির হয়ে স্বামীবাগ ইসকন মন্দিরে গিয়ে শেষ হবে।

সনাতনী রীতি অনুযায়ী, প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে জগন্নাথদেবের রথযাত্রা শুরু হয়। ভারতের পুরীর জগন্নাথ মন্দির থেকে এ রথযাত্রার প্রচলন হলেও বর্তমানে বাংলাদেশসহ উপমহাদেশের বিভিন্ন স্থানে এটি অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হিসেবে পালিত হয়। সাভারের ধামরাইয়ের যশোমাধবের রথযাত্রা, ভারতের পুরী এবং মহেশের রথযাত্রা বিশেষভাবে পরিচিত।

এ ছাড়া পুরান ঢাকার তাঁতীবাজারের জগন্নাথ জিউ ঠাকুর মন্দির, জয়কালী রোডের রামসীতা মন্দির, শাঁখারীবাজারসহ রাজধানী ও দেশের বিভিন্ন মন্দিরে আজ উল্টো রথ টানা উৎসব অনুষ্ঠিত হবে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
ভাসানটেকে কাওসার হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবি স্ত্রীর
ছবি: ভিওডি বাংলা
কামরাঙ্গীরচরে ডাকাতি, লুণ্ঠিত টাকা-স্বর্ণালঙ্কারসহ গ্রেপ্তার ৪
দুর্বৃত্তদের গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী টিটন। ছবি: সংগৃহীত
টিটন হত্যা মামলার আসামি ভাঙ্গারি রনি গ্রেপ্তার