প্রশ্নপত্র ফাঁসের বিক্ষোভে শিক্ষা সচিবকে সরাল মোদি সরকার
ভারতজুড়ে প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই দেশটির শিক্ষা সচিব বিনীত যোশিকে সরিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন নরেশ পাল গাঙ্গওয়ার।
বৃহস্পতিবার (২৩ জুলাই) গভীর রাতে জারি করা এক সরকারি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বিনীত যোশিকে পঞ্চায়েত বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই প্রশাসনিক রদবদলে আরও ১৩ জনকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে এবং চার কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।
প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশজুড়ে বিক্ষোভের মধ্যেই এ সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও জানিয়ে আসছেন।
এদিকে ক্ষমতাসীন বিজেপির সংসদ সদস্য নিশিকান্ত দুবে দাবি করেছেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় উদাসীনতার কারণেই শিক্ষা সচিবকে সরিয়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কোনো ধরনের অবহেলা মেনে নেবেন না। এ ঘটনায় জড়িতদের পাশাপাশি যারা দায়িত্ব পালনে উদাসীনতা দেখিয়েছেন, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে প্রশ্নপত্র ফাঁসসংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বৃহস্পতিবার গভীর রাতে একটি বিশেষ দ্রুত বিচার আদালত গঠন করা হয়েছে। পাশাপাশি এ ধরনের ঘটনা রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভিওডি বাংলা/আ









মন্তব্য