জাতীয় পুরস্কার জিতলেন ইয়ামি গৌতম

ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) নয়াদিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে পুরস্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র প্রত্যয়ন বোর্ড (সিবিএফসি) থেকে ছাড়পত্র পাওয়া চলচ্চিত্রগুলো এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য বিবেচিত হয়।
এবার সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের স্বীকৃতি পেয়েছে রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত ‘আর্টিকেল ৩৭০’। একই ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ইয়ামি গৌতম।
সেরা অভিনেতা বিভাগে যৌথভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন মালয়ালম তারকা মাম্মুটি এবং বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। ‘ব্রহ্মযুগম’ ছবিতে অভিনয়ের জন্য সম্মানিত হয়েছেন মাম্মুটি, আর ‘চন্দু চ্যাম্পিয়ন’-এর জন্য পুরস্কার পেয়েছেন কার্তিক।
সেরা পরিচালকের পুরস্কার গেছে তামিল চলচ্চিত্র ‘অমরান’-এর নির্মাতা রাজকুমার পেরিয়াসামির হাতে। সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে যৌথভাবে সম্মাননা পেয়েছেন ‘মহারাজা’-এর সাচানা নামিদাস এবং ‘মিথ্যা’-এর রূপশ্রী ভারকাডি। ‘ভক্ষক’ ছবির জন্য সঞ্জয় মিশ্র হয়েছেন সেরা পার্শ্ব অভিনেতা।
জনপ্রিয় বিনোদনধর্মী চলচ্চিত্র হিসেবে জাতীয় পুরস্কার জিতেছে তেলুগু ব্লকবাস্টার ‘কল্কি ২৮৯৮ এডি’। জাতীয়, সামাজিক ও পরিবেশগত মূল্যবোধ তুলে ধরার জন্য বিশেষ স্বীকৃতি পেয়েছে ‘ক্যাপ্টেন মিলার’। আর সেরা শিশুতোষ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘৩৫-চিন্না কথা কাদু’।
প্রযুক্তিগত বিভাগে ‘ব্রহ্মযুগম’-এর জন্য শেহনাদ জলাল সেরা চিত্রগ্রাহক এবং ‘অমরান’-এর জন্য আর. কালাইভান্নান সেরা সম্পাদকের পুরস্কার পেয়েছেন।
চিত্রনাট্য বিভাগে ‘পুষ্পা: দ্য রুল-পার্ট ২’-এর জন্য সুকুমার জিতেছেন সেরা মৌলিক চিত্রনাট্যের পুরস্কার। ‘স্বর্গগন্ধর্ব সুধীর ফাডকে’-এর জন্য যোগেশ দেশপান্ডে পেয়েছেন সেরা অভিযোজিত চিত্রনাট্যের সম্মাননা। আর ‘লাকি ভাস্কর’-এর সংলাপের জন্য পুরস্কৃত হয়েছেন ভেঙ্কি আটলুরি।
সংগীত বিভাগে ‘আর্টিকেল ৩৭০’-এর জন্য শাশ্বত সচদেব সেরা সংগীত পরিচালক, ‘অমরান’-এর জন্য জি. ভি. প্রকাশ কুমার সেরা আবহসংগীত পরিচালক এবং ‘ময়দান’-এর জন্য মনোজ মুনতাশির সেরা গীতিকারের পুরস্কার অর্জন করেছেন।
এ ছাড়া আঞ্চলিক ভাষার বিভিন্ন বিভাগেও একাধিক চলচ্চিত্র পুরস্কৃত হয়েছে। বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন অভিনেতা ধানুশ। সাউন্ড মিক্সিং বিভাগে জাতীয় পুরস্কার পেয়েছেন সুরেন জি।
ভিওডি বাংলা/তা








মন্তব্য