পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও মহাপরিচালকের বৈঠক

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে বাংলাদেশের শ্রমখাতের উন্নয়ন, শিশুশ্রম নিরসন, শ্রম আইন সংস্কার এবং অভিবাসী শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে।
রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতের শুরুতে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান আইএলও মহাপরিচালক। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের সভাপতিত্বের সময় জাতিসংঘ ও আইএলওর মধ্যে সহযোগিতা আরও জোরদার হবে।
বৈঠকে বাংলাদেশের শ্রমখাতের সাম্প্রতিক অগ্রগতি, শিশুশ্রম পরিস্থিতি, শ্রম আইন ও প্রাতিষ্ঠানিক সংস্কার, নিরাপদ ও নিয়মিত অভিবাসন এবং অভিবাসী শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করার বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে আইএলওর অব্যাহত সহযোগিতা কামনা করেন। পাশাপাশি শ্রমখাতের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সংস্থাটির কারিগরি সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।
জবাবে আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো বাংলাদেশের শ্রমখাতে সাম্প্রতিক অগ্রগতি এবং শিশুশ্রম কমাতে সরকারের উদ্যোগের প্রশংসা করেন। তিনি এ খাতে ভবিষ্যতেও আইএলওর সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য