মধ্যরাতে মঞ্চ মাতাবেন সঞ্জয়

ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন সংগীতশিল্পী ও সংগীত পরিচালক সঞ্জয় দেব এবার প্রথমবারের মতো দেশের দর্শকদের সামনে পারফর্ম করতে যাচ্ছেন। বিশ্বকাপের ফাইনাল ঘিরে আয়োজিত ‘ফ্যান ফেস্ট ২.০’-এর সমাপনী আয়োজনে থাকছেন তিনি।
রোববার (১৯ জুলাই) রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক পার্কে ট্রিপল টাইম কমিউনিকেশনসের আয়োজনে বিশ্বকাপের ফাইনাল উপলক্ষে ৬ দিনব্যাপী ‘ফ্যান ফেস্ট ২.০’-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আর্জেন্টিনা-স্পেনের মধ্যকার ফাইনাল ম্যাচ বড় পর্দায় দেখার পাশাপাশি দর্শকদের জন্য থাকছে লাইভ কনসার্ট, ডিজে পারফরম্যান্স ও নানা বিনোদনমূলক আয়োজন। আয়োজকদের হালনাগাদ সূচি অনুযায়ী, আগে ঘোষণা করা সন্ধ্যা ৬টার পরিবর্তে সঞ্জয় দেব মঞ্চে উঠবেন রাত ১১টা ৩০ মিনিটে। তাঁর আগে পরিবেশনা করবেন ডিজে জুডু।
ফ্যান ফেস্টের যাত্রা শুরু হয় গত ১৪ জুলাই বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের দিন। উদ্বোধনী দিনে পারফর্ম করেন ফিরোজ জং ও ডিজে সুমন। এরপর মঞ্চ মাতান ব্ল্যাক জ্যাং, ডিজে তন্ময়, তাসনিম আনিকা, ডিজে প্রিয়ন্তী, মিলা ইসলাম, ডিজে রিশাদ, ডিজে তৃষা ও ডিজে সানী। সমাপনী দিনের প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন সঞ্জয় দেব।
ফাইনাল দিনের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা। অনলাইন প্ল্যাটফর্ম ‘টিকিট টুমরো’-তে টিকিট বিক্রি চলছে। কনসার্টে অংশ নিতে গত শুক্রবার ঢাকায় পৌঁছেছেন সঞ্জয়। দেশে ফিরেই তিনি অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন এবং ভক্তদের উদ্দেশে ভিডিও বার্তা দেন। গতকাল বনানীর একটি স্টুডিওতে টানা মহড়াও করেছেন তিনি।
এক সাক্ষাৎকারে সঞ্জয় দেব বলেন, ‘বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার সুযোগ আমার জন্য যেমন গর্বের, তেমনি বাংলাদেশের পরিচয় বিশ্বদরবারে তুলে ধরারও একটি বড় সুযোগ ছিল। এবার সেই অভিজ্ঞতা নিয়ে নিজের দেশের দর্শকদের সামনে দাঁড়াতে পারছি-এটা সত্যিই অন্যরকম অনুভূতি। এক ঘণ্টার পরিবেশনায় ফিফার অফিসিয়াল সাউন্ডট্র্যাক ‘সির সির’ অবশ্যই থাকবে। পাশাপাশি আমার জনপ্রিয় কিছু ট্র্যাক এবং দর্শকদের অনুরোধের গানও পরিবেশনের চেষ্টা করব। আমি চাই, সবাই যেন সংগীতের সঙ্গে গলা মেলান, নাচেন এবং বিশ্বকাপ ফাইনালের এই উৎসবটি আজীবন মনে রাখার মতো একটি সন্ধ্যায় পরিণত করতে পারি।’
ভিওডি বাংলা/তা








মন্তব্য