৫০ পরিবারের পাশে দাঁড়ালেন সালমান খান

রুপালি পর্দার ব্যস্ততার মাঝেও সামাজিক কর্মকাণ্ডে অংশ নিলেন বলিউড তারকা সালমান খান। মুম্বাইয়ের বস্তি পুনর্বাসন প্রকল্পের আওতায় ৫০টির বেশি পরিবারের হাতে নতুন স্থায়ী বাড়ির চাবি তুলে দিয়েছেন তিনি। একই সঙ্গে উদ্বোধন করেছেন বস্তি পুনর্বাসন কর্তৃপক্ষের (এসআরএ) নতুন ডেটা সেন্টার ও আধুনিক তথ্যপ্রযুক্তি অবকাঠামো।
শুক্রবার (১৭ জুলাই) মুম্বাইয়ে এসআরএর কার্যালয় পরিদর্শনে যান সালমান খান। সেখানে সংস্থাটির নতুন ডেটা সংগ্রহ ও যাচাইকরণ সহায়তা কেন্দ্র এবং অত্যাধুনিক আইটি সার্ভার রুমের উদ্বোধন করেন তিনি।
এসআরএর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মহেন্দ্র কল্যাণকরের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে পুনর্বাসন প্রকল্পের ৫০টির বেশি সুবিধাভোগীর হাতে নতুন বাড়ির চাবি তুলে দেন সালমান। দীর্ঘদিনের অপেক্ষার পর স্থায়ী আবাসনের চাবি হাতে পেয়ে আনন্দ প্রকাশ করেন উপকারভোগীরা।
অনুষ্ঠানে এসআরএর প্রকাশিত নতুন কফি টেবিল বুকেরও মোড়ক উন্মোচন করেন এই অভিনেতা। বইটিতে সংস্থার বিভিন্ন উন্নয়ন প্রকল্প, সফল পুনর্বাসনের অভিজ্ঞতা, উল্লেখযোগ্য অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়েছে।
এসআরএর কর্মকর্তাদের মতে, নতুন আইটি সার্ভার রুম চালু হওয়ায় সংস্থার ডিজিটাল সেবা আরও নিরাপদ, স্বচ্ছ ও কার্যকর হবে। এর ফলে ই-গভর্ন্যান্স কার্যক্রমের গতি বাড়বে এবং নাগরিক সেবার মানও উন্নত হবে।
সফরকালে সালমান খানকে চলমান পুনর্বাসন প্রকল্প ও সংস্থার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানানো হয়। তিনি উদ্যোগগুলোর প্রশংসা করেন। আয়োজকদের বিশ্বাস, তাঁর অংশগ্রহণ পুনর্বাসন কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা ও আগ্রহ বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।
এদিকে অভিনয় ক্যারিয়ারেও ব্যস্ত সময় পার করছেন সালমান খান। বর্তমানে তাঁর নতুন চলচ্চিত্র ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ মুক্তির প্রস্তুতি চলছে। পাশাপাশি আরও কয়েকটি নতুন সিনেমার কাজ করছেন তিনি, যেগুলোর আনুষ্ঠানিক ঘোষণা আগামী কয়েক মাসের মধ্যে আসতে পারে।
ভিওডি বাংলা/তা








মন্তব্য