‘দুই দিন পরপর ফাইনালের টেনশন নিতে হয়’

২০২৬ ফুটবল বিশ্বকাপের পর্দা নামছে আজ রাতেই। শিরোপা নির্ধারণী ম্যাচে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে খেলছে আর্জেন্টিনা। তাই লিওনেল মেসিদের হাতে আবারও ট্রফি দেখতে মুখিয়ে আছেন সমর্থকেরা।
আর্জেন্টিনার কট্টর সমর্থক অভিনেতা ইরফান সাজ্জাদও ফাইনাল ঘিরে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বিশ্বকাপজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় দলের পক্ষে সরব থাকা এই অভিনেতা এবার একটি ভিডিও বার্তায় ব্রাজিলসহ অন্য দলের সমর্থকদের উদ্দেশে মজার ছলে খোঁচা দিয়েছেন।
রোববার (১৯জুলাই) দুপুরে ফেসবুকে প্রকাশ করা একটি ভিডিওতে ইরফান বলেন, ‘কী একটা অবস্থা রে ভাই! দুই দিনের দুনিয়া, এর মধ্যেই দুই দিন পরপর ফাইনাল খেলা লাগে, ফাইনালের টেনশন নিতে হয়; এটা কোনো কথা! ২০১৪ বিশ্বকাপ, ২০২১ থেকে কোপা আমেরিকা, বিশ্বকাপ, আবার কোপা আমেরিকা, এখন আবার বিশ্বকাপ-এভাবে কদিন পরপর যদি ফাইনালের টেনশন নেওয়া লাগে, একটা মানুষ কি সুস্থ থাকতে পারে? জীবনে এমনিতে সমস্যার শেষ নেই। তার মধ্যে এসব। ফাইনাল খেলব অনেক বছর পর একবার। এরকম মুড়ির মতো কদিন পরপরই যদি ফাইনাল খেলে, কেমন না ব্যাপারটা!’
এরপর প্রতিপক্ষ দলের সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘অবশ্য তোমরা তো এসব বুঝবে না। ফাইনাল কী জিনিস, ফাইনালের টেনশন কী জিনিস, এটা তো তোমরা জানোই না, দেখোনি। কেবল শুনেছো। আমাদের কাছ থেকে শোনো, প্রিয় দল ফাইনালে গেলে আমরা কী পরিমাণ মানসিক চাপের মধ্যে থাকি।’
তবে ফাইনালের ফল নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করছেন না বলেও জানান ইরফান সাজ্জাদ। তাঁর ভাষায়, ‘এই টেনশন নিতে নিতেও অভ্যস্ত হয়ে গেছি। তবে একটা কথা, এখন আমরা খুব চিল মুডে আছি। আজ ফাইনাল, যে-ই জিতুক; ব্যাপার না। মেসির যেমন হারানোর কিছু নেই, পাওয়ার কিছু নেই। আমাদেরও তেমনই। আজ ফাইনাল জিতলে ভালো, না জিতলেও অসুবিধা নাই। কারণ পেয়ে গেছি তো সবকিছু। তারপরও জিতলে তো ভালোই। সুন্দর একটা ফাইনাল ম্যাচ হোক।’
ভিওডি বাংলা/তা








মন্তব্য