রাজধানীতে নিষিদ্ধ আ.লীগের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে রাজধানীতে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২১ জুন) ডিএমপির শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে এসব গ্রেপ্তার করে।
পুলিশ সূত্র জানায়, সকাল আনুমানিক ৭টা ৪৫ মিনিটে শেরেবাংলা নগর থানাধীন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় অভিযান চালিয়ে ছয়জনকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন আদাবর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সাধারণ সম্পাদক মো. কবির আহম্মেদ (৫২), আওয়ামী লীগের সক্রিয় কর্মী মিলন ছৌয়ার (৪০), নয়ন শেখ (৩১) এবং যুবলীগের কর্মী মো. ইব্রাহিম (২৬), রাকিব (২৬) ও রাকিব (২৩)।
অন্যদিকে সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর কলেজগেট এলাকায় অভিযান চালায় মোহাম্মদপুর থানা পুলিশ। সেখানে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আটজন সক্রিয় আওয়ামী লীগ কর্মীকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- মো. কবির ওরফে হুমায়ুন কবির (৫৪), মো. কালাম ফরাজি (৪০), কবির হাওলাদার (৪৮), মো. সিরাজ (৩৮), মো. হেলাল হোসেন (৪০), মো. আলী রাজ হোসেন (৩৭), মো. স্বপন মিয়া (৪০) ও মুরাদ ওরফে মুরাদ মাতবর (২৭)।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।







