দুদকের মামলায় গ্রেপ্তার মাসুদ উদ্দিন ৪ দিনের রিমান্ডে

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়ায় অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক সংসদ সদস্য ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। দুদকের আবেদনের শুনানি শেষে আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
রোববার (২১ জুন) ঢাকার মহানগর দায়রা স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম রিমান্ডের প্রয়োজনীয়তা তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে আদালতের কাছে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
দুদকের মামলার অভিযোগে বলা হয়েছে, মাসুদ উদ্দিন চৌধুরীসহ সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি পরস্পরের যোগসাজশে সরকারি ক্ষমতার অপব্যবহার করে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর এজেন্ট হিসেবে দায়িত্ব পান। এ সময় সরকার নির্ধারিত খরচের বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের মাধ্যমে কর্মীদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নেওয়া হয়।
মামলার তথ্য অনুযায়ী, একজন শ্রমিকের জন্য সরকার নির্ধারিত ব্যয় ছিল ৭৮ হাজার ৯৯০ টাকা। তবে অভিযুক্তরা বিভিন্ন ধাপে অতিরিক্ত অর্থ আদায় করে মোট ১১৯ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা সংগ্রহ করেন বলে অভিযোগ রয়েছে। দুদকের দাবি, এসব অর্থ অবৈধভাবে স্থানান্তর, রূপান্তর ও পাচারের মাধ্যমে আড়াল করার চেষ্টা করা হয়েছে।
এ ঘটনায় দণ্ডবিধি, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দুর্নীতি দমন কমিশন আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। তদন্তের স্বার্থে আসামিকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে রিমান্ড আবেদনে উল্লেখ করে দুদক।
এর আগে গত ২২ মার্চ দিবাগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর থেকে একাধিক মামলায় রিমান্ড শেষে তিনি কারাগারেই আছেন।
ভিওডি বাংলা/জা







