শাপলা চত্বর হত্যা মামলা
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার

২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
তদন্ত সংস্থার কর্মকর্তারা রোববার (১৪ জুন) মোজাম্মেল হক বাবুকে এবং বুধবার (১৭ জুন) ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদ করেন।
জিজ্ঞাসাবাদে তারা নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তারা যা করেছেন তা “উপর মহলের নির্দেশে” করেছেন।
এ সময় তদন্তকারীরা ৫ আগস্টের আগে-পরে সাবেক প্রধানমন্ত্রীর বিভিন্ন সংবাদ সম্মেলনের ভিডিও ফুটেজ দেখালে মোজাম্মেল বাবু দাবি করেন, সেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি।
এর আগে গত ৭ মে শাপলা চত্বর ঘটনাকে কেন্দ্র করে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করে প্রসিকিউশন। পরে আদালত সেই আবেদন মঞ্জুর করে তাদের গ্রেপ্তার দেখানো এবং জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়।
প্রসিকিউশনের অভিযোগ, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে এই দুই সাংবাদিক মিথ্যা তথ্য প্রচার করে ঘটনাকে আড়াল করার চেষ্টা করেছিলেন।
ভিওডি বাংলা/আ







