চট্টগ্রামের ফটিকছড়িতে বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে জহুরুল আনোয়ার নামে এক বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) সকালে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হামজার টিলা এলাকার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মৃত জহুরুল আনোয়ারের ছেলে মো. খালেদ বলেন, আমার বাবা সম্প্রতি এক আত্মীয়ের কাছে কিছু জায়গা বিক্রি করেছিলেন। সেই জায়গাসংক্রান্ত বিষয় নিয়ে তিনি বেশ কয়েকদিন ধরে চরম মানসিক অশান্তিতে ভুগছিলেন। এছাড়া তার অন্যকোনো পারিবারিক বা ব্যক্তিগত সমস্যা ছিল না।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, মুক্তিযোদ্ধা এর আগেও দুইবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এবং জমি সংক্রান্ত একটি দেওয়ানি মামলায়ও জড়িত ছিলেন। এসব কারণেই তিনি মানসিক চাপে ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভিওডি বাংলা/এমএস







