আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ ৬ জন আহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সশস্ত্র ডাকাত দলের হামলায় কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁনসহ ছয়জন আহত হয়েছেন। একই রাতে পাশের একটি বাড়িতে ডাকাতির ঘটনায় নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটের অভিযোগও পাওয়া গেছে।
শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত ১টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের ধন্দী ও রাইনাদী-আতাদী এলাকায় এসব ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধন্দী গ্রামের বাসিন্দা সাকিব হাছান খাঁন ছুটিতে নিজ বাড়িতে এসেছিলেন। রাতে বিদ্যুৎ না থাকায় তিনি কয়েকজন বন্ধুর সঙ্গে রাস্তার পাশে বসে ছিলেন। এ সময় ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল তাদের ওপর হামলা চালায়।
অভিযোগ অনুযায়ী, ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে সাকিব হাছান খাঁন, মুকুল (৩৮), রাজিব (৩২), রুবেল (৩৬), ফারুক (৩২) এবং মুকুলের স্ত্রী ডালিয়া (৩৩)-কে গুরুতর আহত করে।
আহতদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ডাকাতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়।
স্থানীয়দের দাবি, ঘটনার প্রায় এক ঘণ্টা পর একই ডাকাত দল পার্শ্ববর্তী রাইনাদী-আতাদী এলাকার সুমন নামে এক ব্যক্তির বাড়িতে ডাকাতি চালায়। অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে তারা নগদ ২ লাখ ৭০ হাজার টাকা এবং প্রায় ১৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভিওডি বাংলা/আ







