আনসার সদস্যদের তৎপরতায় বরিশাল মেডিকেলে পকেটমার আটক

দক্ষিণাঞ্চলের অন্যতম প্রধান চিকিৎসা কেন্দ্র বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চুরির চেষ্টা করতে গিয়ে আনসার সদস্যদের হাতে আটক হয়েছেন এক পকেটমার।
শনিবার (২০ জুন) দুপুরে হাসপাতালের পুরনো ভবনের দ্বিতীয় তলায় এক্স-রে রিপোর্ট ডেলিভারি কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, এক সেবাগ্রহীতা রিপোর্ট নেওয়ার জন্য লাইনে অপেক্ষা করছিলেন। এ সময় ভিড়ের সুযোগ নিয়ে তার পকেট থেকে টাকা ও মোবাইল ফোন চুরির চেষ্টা করেন এক ব্যক্তি।
ঘটনাস্থলে দায়িত্বে থাকা আনসার সদস্য বশির মিয়া ও ফারুক হোসেন সন্দেহভাজনের গতিবিধি পর্যবেক্ষণ করছিলেন। চুরির চেষ্টা করার মুহূর্তেই তারা দ্রুত এগিয়ে গিয়ে তাকে হাতেনাতে আটক করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তির নাম আরিফ (৪৪) বলে জানা যায়। পরে আনসার সদস্যরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
হাসপাতালে উপস্থিত রোগী, স্বজন ও কর্তৃপক্ষ আনসার সদস্যদের দ্রুত পদক্ষেপ এবং দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হাসপাতালসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিতে তাদের সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সেবাগ্রহীতাদের নিরাপত্তা নিশ্চিত করতে হাসপাতালের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আনসার সদস্যদের নজরদারি অব্যাহত থাকবে।
ভিওডি বাংলা/আ







