নন্দিনী হত্যাকাণ্ডে জাপা নেতা এলাহান উদ্দিনের ক্ষোভ ও নিন্দা

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সাত বছর বয়সী শিশু নন্দিনী রানীর নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও দ্রুত বিচারের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন।
শনিবার (২০ জুন) সংবাদ মাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ দাবি জানান।
তিনি বলেন, আমি গভীরভাবে স্তব্ধ, মর্মাহত এবং ক্ষুব্ধ। একটি নিষ্পাপ শিশুর ওপর এমন পাশবিক ও নৃশংস হত্যাকাণ্ড এক চরম নিষ্ঠুরতা, যা আমাদের মানবিকতা, সামাজিক নিরাপত্তা ও নৈতিক মূল্যবোধের ওপর গভীর আঘাত হানে। আমি নন্দিনী রানীর আত্মার শান্তি কামনা করছি এবং তার শোকার্ত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা প্রকাশ করছি।
তিনি আরও বলেন, নন্দিনী রানীর হত্যাকাণ্ডের পর উত্তেজিত জনতা কর্তৃক জেলা প্রশাসনের গাড়ি ভাঙচুর, পুলিশ ও সাংবাদিকদের ওপর হামলার যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তা কোনোভাবেই কাম্য নয়।
পরে তিনি প্রশাসনের নিকট ৪টি দাবি তুলে ধরেন, ১. অবিলম্বে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য ও মোটিভ উদঘাটন করতে হবে। ২. ঘটনার সাথে জড়িত সকল অপরাধীকে দ্রুত তদন্ত সম্পন্ন করে অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে। ৩. এলাকায় শান্তি-শৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা বজায় রাখতে প্রশাসনকে আরও তৎপর হতে হবে। ৪. গ্রামবাসী-পুলিশ সংঘর্ষে অজ্ঞাত মামলার ভয়ে ফলিমারী গ্রাম পুরুষশূন্য ও মানুষ দিশেহারা হয়ে পড়েছে। এ ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রশাসন-জনগণের সাথে সংলাপ এবং কার্যকর উদ্যোগের মাধ্যমে আতঙ্ক দূর করতে হবে, যাতে কোনো প্রকার মামলা বাণিজ্য না হয়।
শেষে তিনি বলেন, লালমনিরহাট সবসময়ই শান্তি, সম্প্রীতি ও নিরাপদ সহাবস্থানের জনপদ। কোনো অপরাধী যেন এই শান্তি বিনষ্ট করতে না পারে, সেজন্য দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানাচ্ছি।
ভিওডি বাংলা/আ







