রৌমারীতে ৭ দিন ধরে সীমান্ত শুন্যরেখায় ৫ যুবক

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দুটি সীমান্তের শুন্য রেখায় ৭ দিন ধরে আটকে আছে বিএসএফের পুশ-ইন চেষ্টার শিকার ৫ যুবক। এরমধ্যে গয়টাপাড়া সীমান্তে ২ জন এবং ভন্দুরচর সীমান্তে ৩ জন।
ঝড়-বৃষ্টি ও তীব্র রোদ মাথায় নিয়ে সামান্য প্লাস্টিকের ছাউনির নিচে নিদারুণ কষ্টে দিন পার করছেন তারা। নেই তাদের প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা কিংবা গোসলের পানি ও স্যানিটেশনের ব্যবস্থাও।
এদিকে দুই সীমান্তে পুশ-ইন চেষ্টার শিকার ৫ জনকে ঘিরে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি ও বিএসএফ।
গত রোববার সকালে গয়টাপাড়া সীমান্ত দিয়ে দুই শিশু ও তাদের বাবা-মাসহ ৬ জন এবং ভন্দুরচর সীমান্ত দিয়ে ৩ জনসহ মোট ৯ জনকে পুশ-ইনের চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি টের পেয়ে বাধা দেয় বিজিবি ও এলাকাবাসী।
পরে তাদের আশ্রয় হয় দু’দেশের সীমান্তের শুন্য রেখায় ভারতের অংশে।
এরপর গত বুধবার ভোর বেলায় গয়টাপাড়া সীমান্তের শুন্য রেখা থেকে ২ শিশু ও তাদের বাবা-মাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
স্থানীয়রা জানায়, দু’দেশের উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে সীমান্তের শুন্য রেখায় মানবেতর জীবনযাপন করা ব্যক্তিদের দ্রুত সরিয়ে নেওয়া হোক।
জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, উদ্ভূত পরিস্থিতি শান্তিপূর্ণ উপায়ে সমাধানের জন্য উচ্চ পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।
ভিওডি বাংলা/এরশাদুল হক/এমএস







