• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি আদাবরে পুলিশের ওপর হামলা, এক্সেল বাবুসহ গ্রেপ্তার ৬ সাবেক মন্ত্রী-এমপির ফেসবুক পেজের এডমিন গ্রেপ্তার ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, মানবপাচার চক্রের সদস্য গ্রেপ্তার চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলায় মনিরের যাবজ্জীবন জনগণের অর্থ জনগণের কল্যাণে ব্যয় হবে: প্রধানমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছর

বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি ইতিবাচক: গণসাক্ষরতা অভিযান

নিজস্ব প্রতিবেদক    ১৭ জুন ২০২৬, ০৫:১৬ পি.এম.
ছবি: সংগৃহীত

আগের তুলনায় আসন্ন অর্থবছরের জন্য শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে, যা কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়েছে, এটা ইতিবাচক। কিন্তু শিক্ষা খাতে বরাদ্দের মূল অগ্রাধিকার হতে হবে শিক্ষার্থীদের শেখার বিষয়ের (শিখন) ওপর। শিক্ষা খাতে বাজেটের সফলতা বোঝা যাবে শিক্ষার্থীদের শেখার ওপর তা প্রভাব ফেলছে কি না। কারণ, শিক্ষার্থীদের শেখার ক্ষেত্রে এখন বড় ধরনের সংকট চলছে। শেখার ক্ষেত্রে শিখনঘাটতি থাকছে।

বুধবার (১৭ জুন) জাতীয় প্রেসক্লাবে শিক্ষা নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা গণসাক্ষরতা অভিযানের ‘কেমন হলো শিক্ষা বাজেট: বাস্তবতা ও জনপ্রত্যাশা’ শীর্ষক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন বক্তারা। ব্রিফিংয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অর্থনীতিবিদ ও উন্নয়নকর্মীরা বক্তব্য দেন।

শিক্ষা খাতে বরাদ্দকে ইতিবাচক উল্লেখ করে গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী বলেন, শিখন ফল অর্জনে প্রভাব ফেলবে কি না, সেটাই বড় বিষয়।

এ সময় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার জন্য আলাদা ফি নেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি। একই সঙ্গে পরে এই সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদও জানান।

শিখন ফলের ঘাটতি নিয়ে বিভিন্ন গবেষণার তথ্য তুলে ধরে বক্তব্য দেন ব্র্যাক ইনস্টিটিউট অব গর্ভন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) নির্বাহী পরিচালক ইমরান মতিন। তিনি বলেন, শিক্ষার মানের যে অবস্থা, শিক্ষার্থীরা ঠিকভাবে শিখছে না। একটা ‘লার্নিং ইমার্জেন্সির দিকে যাচ্ছে। এটা দিনে দিনে আরও খারাপ হচ্ছে। তাই বরাদ্দের শুধু পর্যাপ্ততা নয়, বরাদ্দ আসলেই কাজে লাগবে কি লাগবে না, সেটার একটা বড় মাপকাঠি হবে চলমান ‘শিখনসংকটকে’ ওই বরাদ্দ কীভাবে প্রভাব ফেলবে, তার ভিত্তিতে অগ্রাধিকার ঠিক করতে হবে। যে খরচ শিখন ফল অর্জনে সরাসরি প্রভাব ফেলতে না পারে, সেটা অগ্রাধিকারের তালিকা থেকে বাদ দিতে হবে।

ব্রিফিংয়ে বাজেটে বরাদ্দের নানা দিক বিশ্লেষণ করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। বরাদ্দের যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কেবল খরচ বাড়ালেই শিক্ষার গুণগত মান স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পায় না এবং যে ধরনের শিক্ষা চাওয়া হয়, সেটা নিশ্চিত করতে পারে না। সে কারণেই প্রশ্নটি আসে, অর্থ কীভাবে ব্যয় হবে এবং সুশাসন ইত্যাদি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব স্ট্যাস্টিসটিক্যাল রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের অধ্যাপক সৈয়দ শাহাদাৎ বলেন, যে পরিমাণ টাকা বরাদ্দ হচ্ছে, সেই টাকা খরচ করার দক্ষতা ও সক্ষমতার কথা হচ্ছে। সেটার প্রভাব নিয়েও তাঁরা চিন্তিত। এসব মৌলিক চ্যালেঞ্জ যখন সামনে আসে, তখন আরেকটু গভীরভাবে চিন্তা করার প্রয়োজন আছে। তিনি বলেন প্রমাণভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

ব্রিফিংয়ে গণসাক্ষরতা অভিযানের পক্ষ থেকে শিক্ষার বাজেট বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির উপপরিচলক মোস্তাফিজুর রহমান। তিনি শিক্ষা খাতের বাজেটের ইতিবাচক দিক, চ্যালেঞ্জ ও বিদ্যমান নানা বিষয় তুলে ধরেন। একই সঙ্গে পর্যায়ক্রমে শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে ২০৩০ সালের মধ্যে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৬ শতাংশ এবং জাতীয় বাজেটের ২০ শতাংশে উন্নীত করা, স্থায়ী শিক্ষা কমিশন গঠনসহ বিভিন্ন রকমের সুপারিশ তুলে ধরেন।

প্রসঙ্গত, আগামী অর্থবছরের (২০২৬-২৭) জন্য শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে। শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির ২ শতাংশে উন্নীত করে মোট ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরে শিক্ষা খাতে বরাদ্দ ছিল ৮৭ হাজার ২০৬ কোটি টাকা এবং জিডিপির ১ দশমিক ৩৯ শতাংশ। অবশ্য শুধু শিক্ষাবিষয়ক ২ মন্ত্রণালয়ের জন্য ১ লাখ ২২ হাজার ৪৯৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের সূত্র বলছে, শিক্ষা খাত বলতে অন্যান্য মন্ত্রণালয়ে যে শিক্ষা নিয়ে কাজ করে, সে তথ্যও অন্তর্ভুক্ত রয়েছে।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাইয়ে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুলড্রেস পাবে: শিক্ষামন্ত্রী
জুলাইয়ে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুলড্রেস পাবে: শিক্ষামন্ত্রী
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
শিক্ষকদের বদলিতে বড় পরিবর্তন, নতুন নীতিমালা ঘোষণা
শিক্ষকদের বদলিতে বড় পরিবর্তন, নতুন নীতিমালা ঘোষণা