স্কুলে গান-নৃত্যে দক্ষতা বিকাশের সুযোগ পাবে শিক্ষার্থীরা: ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, সরকার এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলছে, যেখানে শিক্ষার্থীরা শুধু পাঠ্যবইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ থাকবে না; বরং গান, নৃত্য, আবৃত্তি, বিতর্ক, বিজ্ঞান, গণিত, খেলাধুলাসহ অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ডে নিজেদের দক্ষতা বিকাশের সুযোগ পাবে।
প্রতিমন্ত্রী বলেন, যে শিক্ষার্থী সংগীতে ভালো, সে যেন স্কুল থেকেই উন্নত প্রশিক্ষণ পায়। যে বিতর্কে দক্ষ, সে যেন বিশ্বমানের বিতার্কিক হওয়ার সুযোগ পায়। যে ক্রিকেট, ফুটবল, টেনিস, ব্যাডমিন্টন কিংবা হাডুডু খেলতে চায়, সে যেন আন্তর্জাতিক মানের খেলোয়াড় হওয়ার পথ খুঁজে পায়। সে লক্ষ্যেই আমরা স্কুলভিত্তিক প্রতিভা বিকাশ কর্মসূচি বাস্তবায়ন করছি।
মঙ্গলবার (১৬ জুন) ঢাকার মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের অভিনন্দন জানিয়ে ববি হাজ্জাজ বলেন, এবারের প্রতিযোগিতায় প্রায় দুই কোটি ১০ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এরমধ্যে এক কোটিরও বেশি ছেলে এবং এক কোটিরও বেশি মেয়ে শিক্ষার্থী ছিল। এত বৃহৎ পরিসরে শিক্ষার্থীদের অংশগ্রহণ দেশের শিশু-কিশোরদের প্রতিভা ও সম্ভাবনার একটি উজ্জ্বল চিত্র তুলে ধরেছে।
গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শিক্ষার্থীদের বহুমাত্রিক মেধা বিকাশে সরকার নতুন নতুন উদ্যোগ গ্রহণ করছে। মেধা বিকাশের এই উদ্যোগের বিরুদ্ধে কোনো ধরনের প্রতিবন্ধকতা বা নেতিবাচক প্রচারণা গ্রহণ করা হবে না। আগামী প্রজন্মকে দক্ষ, সৃজনশীল ও আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) শাহীনা ফেরদৌসী, অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তা, অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং অভিভাবকরা।
ভিওডি বাংলা/এফএ







