ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে একদিনের সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৩ জুন) রাত ১টা ২৫ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, রাত ১২টার দিকে ইউএস-বাংলার একটি ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী।
এদিন সকাল ১০টার দিকে আকাশপথে কক্সবাজারে পৌঁছান প্রধানমন্ত্রী। বিমানবন্দরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিরা তাঁকে স্বাগত জানান।
সফরের শুরুতেই কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকায় যান প্রধানমন্ত্রী। সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত পথসভায় স্থানীয় জনগণের উদ্দেশে বক্তব্য দেন তিনি। পরে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেন এবং বৃক্ষরোপণ করেন। সেখান থেকে মালুমঘাট সংরক্ষিত বনাঞ্চলে গিয়ে নিজ হাতে গাছের চারা রোপণ করে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
এরপর প্রধানমন্ত্রী কক্সবাজারের পেকুয়া উপজেলায় যান। সেখানে জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন। পরে শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং পরিবারের হাতে ২০ লাখ টাকার পরিবার সঞ্চয়পত্র তুলে দেন। পেকুয়া সফরে তিনি পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় উপস্থিত জনসাধারণের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এরপর তিনি মাতামুহুরি উপজেলা ও থানা প্রতিষ্ঠার ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন।
সন্ধ্যায় চকরিয়া বাস টার্মিনাল এলাকায় স্থানীয় বিএনপি আয়োজিত এক জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী। জনসভায় তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা, স্থানীয় অবকাঠামো উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে বক্তব্য রাখেন।
রাতে তিনি কক্সবাজারের লং বীচ হোটেল অডিটোরিয়ামে আয়োজিত সুধী সমাবেশে যোগ দেন। সেখানে বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
সফরের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্র সৈকত এলাকা পরিদর্শন করেন। পরে রাত ১২টার দিকে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
পুরো সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলের তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও তাঁর স্ত্রী হাসিনা আহমদ।
ভিওডি বাংলা/এএইচ/এফএ







