ওয়ারীতে ৫৭ ভরি স্বর্ণ ছিনতাই: আরও ৩ ডাকাত গ্রেপ্তার

রাজধানীর ওয়ারীতে ডিবি পুলিশ পরিচয়ে ৫৭ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের আরও তিনজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (১৩ জুন) ভোরে কিশোরগঞ্জের তাড়াইলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রুবেল, মো. মোবারক হোসেন ওরফে শাওন ও আব্দুল্লাহ আল হাসান ওরফে সাকিব ওরফে অজয়।
ওয়ারী থানা সূত্রে জানা গেছে, গত ২৭ মে রাত ১০টা ২০ মিনিটের দিকে ওয়ারী থানার নবাবপুর রোডের রথখোলা মোড়ে স্বর্ণ ব্যবসায়ী হরিপদ পাল ও তার প্রতিষ্ঠানের ম্যানেজার ৫৭ ভরি স্বর্ণালংকার এবং ১ লাখ ৪৭ হাজার টাকা নিয়ে বাসায় ফিরছিলেন। পথে ডিবি পুলিশ পরিচয়ে তাদের গতিরোধ করে এবং ভুক্তভোগীদের কাছে অবৈধ মাদক রয়েছে বলে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নেয় সংঘবদ্ধ ডাকাত চক্র। পরে চোখ-মুখ বেঁধে প্রাণনাশের হুমকি দিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে কমলাপুর রেলস্টেশনসংলগ্ন এলাকায় ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী হরিপদ পাল ওয়ারী থানায় মামলা করেন।
মামলাটির তদন্তকালে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ৬ জুন বেলা সাড়ে ১১টার দিকে ইত্তেফাক মোড় এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে চক্রটির ছয় সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ভুয়া ডিবি পুলিশের জ্যাকেট, খেলনা পিস্তল, ওয়াকি-টকি সেট, হ্যান্ডকাফ ও লাঠি উদ্ধার করা হয়।
পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে যশোর ও তাঁতীবাজার এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত আরও তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা ৫৭ ভরি স্বর্ণের মধ্যে ১৭ ভরি গলানো স্বর্ণ, স্বর্ণ বিক্রির ৬ লাখ ৮০ হাজার টাকা এবং ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল ও মাইক্রোবাস উদ্ধার করা হয়।
এরই ধারাবাহিকতায় শনিবার কিশোরগঞ্জ থেকে আরও তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তারা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভিওডি বাংলা/এফএ







