কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে কিশোর গ্যাং সদস্যরা মো. হৃদয় (১৯) নামে এক সিএনজি চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে। সে ওই ইউনিয়নের শাকতলা গ্রামের মৃত হেদায়েদ উল্ল্যার ছেলে।
বুধবার (১০ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজারে এ ঘটনা ঘটে। একই দিন রাত ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন।
হৃদয়ের বন্ধু রাকিব জানান, রাত সাড়ে ৮টার দিকে ধোড়করা বাজারের পূর্ব পাশে প্রান্ত ও আসিফ নামে দুই কিশোর রাস্তার মাঝে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। এই সময় দুই পক্ষের মোটরসাইকেল সাইট দেওয়া নিয়ে তাদের মাঝে কথা কাটাকাটি হয়।
ঘটনা ওইখানে শেষ হলেও পরে ঘোষতল গ্রামের রাজিব, প্রান্ত, রিফাত ও ফানসির নেতৃত্বে বেশ কয়েকজন কিশোর গ্যাং সদস্য বাজারে মোটরসাইকেল নিয়ে অবস্থান করে। এর কিছুক্ষণ পর বাজার ওয়াসিমের গ্যারেজে শাকতলার সিএনজি চালক হৃদয় সিএনজি রাখার জন্য প্রবেশ করে। এসময় রাজিব সিএনজি চালক হৃদয়কে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক চিকিৎসক আকিব মাহমুদ মাহি জানান, হৃদয়কে কিছু লোক রাত সাড়ে ৯টায় হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে আসে। আমরা তার বুকের ডানপাশে গভীর আঘাতের চিহ্ন দেখতে পাই। ধারণা করা হচ্ছে ধারাল অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে পৌঁছনোর আগেই তার মৃত্যু হয়।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসাইন জানান, খবর পেয়ে আমরা অভিযুক্তদের গ্রেপ্তার করতে অভিযানে শুরু করেছি। তবে ঠিক কি কারণে হৃদয়কে হত্যা করা হয়েছে তা জানারও চেষ্টা করছি
ভিওডি বাংলা/বিন্দু







