• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.৫ শতাংশ প্রণোদনা: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১০ জুন ২০২৬, ০৫:১০ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশে বৈদেশিক বিনিয়োগ বাড়াতে নতুন প্রণোদনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, প্রবাসী বাংলাদেশি বা বিদেশি নাগরিক কেউ দেশে বিনিয়োগ আনতে পারলে মোট বিনিয়োগের ওপর ১ দশমিক ৫ শতাংশ কমিশন দেওয়া হবে।

বুধবার (১০ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সংসদ সদস্যদের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। একই সঙ্গে প্রকৃত ও ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের সহায়তায় ৯ শতাংশ সুদে ঋণ দেওয়ার জন্য ৬ হাজার কোটি টাকার একটি তহবিল গঠনের কথাও জানান তিনি।

সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকার শুধু বিদেশি নয়, দেশীয় বিনিয়োগও উৎসাহিত করতে চায়। এ লক্ষ্যে বিভিন্ন নিয়ন্ত্রণ শিথিল করে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।

ব্যাংকঋণের সুদের হার কমানোর বিষয়ে তিনি বলেন, বিষয়টি সরকার পর্যালোচনা করছে। বিনিয়োগ বৃদ্ধিতে এটি কার্যকর হলে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সংরক্ষিত নারী আসনের সদস্য বেগম সাবিকুন নাহারের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, অর্থনীতির ইতিবাচক পরিবর্তনের ফল পেতে সময় লাগে। অতীতের ভুল নীতির প্রভাব যেমন ধীরে ধীরে দৃশ্যমান হয়েছে, তেমনি বর্তমান সরকারের পদক্ষেপগুলোর সুফল পেতেও কিছুটা সময় লাগবে।

তিনি আরও জানান, বাংলাদেশ ব্যাংকের গঠিত ৬ হাজার কোটি টাকার তহবিল থেকে যোগ্য ও গ্রহণযোগ্য শিল্পপ্রতিষ্ঠানগুলো ৯ শতাংশ সুদে ঋণ সুবিধা পাবে।

সংসদ সদস্য বেগম জহরত আবির আদিব চৌধুরীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগকারীদের মুনাফা নিজ দেশে নেওয়ার ক্ষেত্রে বিদ্যমান বাধাগুলো আইনগতভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির কৌশল সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, বিদেশে অবস্থানরত প্রভাবশালী ও দক্ষ বাংলাদেশিরা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করলে দেশে বৈদেশিক বিনিয়োগের প্রবাহ আরও বাড়বে। সেই লক্ষ্যেই বিনিয়োগ আনয়নে ১ দশমিক ৫ শতাংশ কমিশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাগরিক সচেতনতা ও অংশগ্রহণ ছাড়া শহর পরিষ্কার সম্ভব নয়: আবদুস সালাম
নাগরিক সচেতনতা ও অংশগ্রহণ ছাড়া শহর পরিষ্কার সম্ভব নয়: আবদুস সালাম
৫৩ কোটি টাকার চারা ও সার বিনা মূল্যে দেবে সরকার
৫৩ কোটি টাকার চারা ও সার বিনা মূল্যে দেবে সরকার
বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ স্বীকৃত নাম : সেনাপ্রধান
বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ স্বীকৃত নাম : সেনাপ্রধান