কাশ্মীরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে নিহত ৭

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের (এজেকে) রাওয়ালকোটে রোববার পুলিশ ও সদ্য নিষিদ্ধ ঘোষিত যৌথ আওয়ামী অ্যাকশন কমিটি (জেএএসি) সমর্থকদের সংঘর্ষে অন্তত সাতজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সরকারি এক কর্মকর্তার বরাতে এ খবর জানা যায়।
এজেকে পুলিশের মহাপরিদর্শক (আইজি) লিয়াকত আলী মালিক জানিয়েছেন, সংঘর্ষে ২৩ জন পুলিশ সদস্যও আহত হয়েছেন। এরপর রোববার গভীর রাতে ৩০ জনকে আটক করা হয়েছে। আজাদ কাশ্মীরের রাওয়ালকোটে কয়েকদিন ধরে সহিংস বিক্ষোভ চলছে। গত শনিবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত চারজন সদস্য নিহত হন।
গত শুক্রবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে নিহত হন বলে অভিযোগ রয়েছে। তাঁর মৃত্যুকে কেন্দ্র করেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
কর্মকর্তাদের দাবি, রোববার বিক্ষোভকারীরা রাওয়ালকোটের কম্বাইন্ড মিলিটারি হাসপাতাল (সিএমএইচ)-এ হামলা চালিয়েছিল।
প্রত্যক্ষদর্শীদের মতে, পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিতে গেলে উত্তেজিত জনতা তাদের মুখোমুখি হয়। পরে দাঙ্গা নিয়ন্ত্রণ পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। জবাবে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। এতে কেউ আহত হয়নি।
স্থানীয়দের আশঙ্কা, প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে। পুরো অঞ্চলে মোবাইল ডেটা সেবা বন্ধ থাকায় তথ্যপ্রবাহ সীমিত হয়ে পড়েছে।
ভিওডি বাংলা/বিন্দু







