• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
গুজব ও মানহানিকর কনটেন্টে কড়াকড়ি, বদলাচ্ছে সাইবার আইন মঙ্গলবার হাইকোর্টে যাচ্ছে রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স অবহেলা করলে চাকরি হারাতে হবে: ডিএসসিসি প্রশাসক বরাদ্দে বৈষম্যের অভিযোগ বিরোধী দলের আইজিপির সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দায়িত্ব পাওয়ার অর্থ শুধু পদে 'বসে' থাকা নয়: প্রশাসক আবদুস সালাম বাণিজ্য ঘাটতি ৮ বিলিয়ন ডলার, ভারতের সঙ্গে সর্বোচ্চ: মন্ত্রী পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসের দুই কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে একদিনে ১৫শ' মামলা ২২ লাখ শিক্ষার্থীর নজিরবিহীন অংশগ্রহণ, বদলে দিচ্ছে প্রাথমিক ক্রীড়া সংস্কৃতি

পাংশায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে খাল পুনঃখনন: সুফলের অপেক্ষায় চাষিরা

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ৮ জুন ২০২৬, ০৮:৪১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে রাজবাড়ীর পাংশা উপজেলায় অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার খাল পুনঃখনন প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন বৃদ্ধি, দেশীয় মাছের উৎপাদন সম্প্রসারণ, জলাবদ্ধতা নিরসন এবং স্থানীয় জনগণের কর্মসংস্থানে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যে এ প্রকল্পের কাজ ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে বলে জনা গেছে। কাজটি পুরোপুরি শেষ হলে সুফল ভোগ করবে এ অঞ্চলের কৃষক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার যশাই ইউনিয়নের ৯ কিলোমিটার দীর্ঘ ঢেঁকিপাড়া খাল পুনঃখননে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৩১ লাখ ৭৭ হাজার ৯২৭ টাকা। অপরদিকে পাট্টা ইউনিয়নের ৪ কিলোমিটার দীর্ঘ আঁধারকোটা খাল পুনঃখননে ব্যয় হচ্ছে ১ কোটি ২ লাখ ২৬ হাজার ৪৪৫ টাকা। প্রকল্প দুইটির কাজে যশাই ইউনিয়নে ৫৩৫ জন পাট্টায় ২৩৬ জন নারী ও পুরুষ শ্রমিক নিয়োজিত রয়েছে।  

দীর্ঘদিন ধরে খাল দুটি ভরাট হয়ে যাওয়ায় কৃষিকাজে সেচ সংকট, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এবং দেশীয় মাছের প্রজননে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। স্থানীয়দের মতে, খননকাজ শেষ হলে এসব সমস্যার স্থায়ী সমাধান হবে।

প্রকল্পের আওতায় খালের দুই পাড়ে তাল, নারিকেল ও মেহগনি গাছ রোপণ করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, এ বৃক্ষরোপণ পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং বজ্রপাতের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি খালের পাড় সংরক্ষণ এবং পথচারীদের জন্য ছায়াঘেরা পরিবেশ নিশ্চিত হবে।

প্রকল্পে নিয়োজিত শ্রমিকরা প্রতিদিন ৫০০ টাকা মজুরি পাচ্ছেন। এতে স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এবং তাদের পারিবারিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ছে। তবে কয়েকজন শ্রমিক বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় মজুরি ৭০০ টাকা করার দাবি জানিয়েছেন।

বর্তমানে পাট মৌসুম চলায় কৃষকরাও খাল পুনঃখননের সুফল নিয়ে আশাবাদী। আগে পাট পচানোর জন্য পর্যাপ্ত পানির অভাবে তারা দুশ্চিন্তায় থাকলেও এখন খালের পানি ব্যবহার করে সহজেই পাট জাগ দিতে পারবেন।

যশাই নিভা কৃষ্ণপুর গ্রামের কৃষক আকবর হোসেন বলেন, “খাল পুনঃখননের ফলে বর্ষাকালে অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশন হবে, ফলে জলাবদ্ধতায় ফসল নষ্ট হওয়ার আশঙ্কা কমবে। আবার খরার সময় খাল থেকে পানি নিয়ে সেচ দেওয়া যাবে। পাট জাগ দেওয়ার জন্যও পর্যাপ্ত পানি পাওয়া যাবে, যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।”

পাট্টা ইউনিয়নের কৃষক রাজু বিশ্বাস বলেন, “খালটি পুনঃখনন করায় আমরা কৃষকেরা অনেক উপকৃত হবো। আগে খাল ভরাট হয়ে যাওয়ায় অনেক জমিতে ঠিকমতো সেচ দেওয়া যেত না। কাজ শেষ হলে কৃষি উৎপাদন বাড়বে এবং সেচ ব্যয় কমবে।”

যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হোসেন খান বলেন, “খাল পুনঃখননের ফলে কৃষকরা সহজে সেচ সুবিধা পাবেন এবং এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন হবে। একই সঙ্গে এই প্রকল্পে ইউনিয়নের ৫৩৫ জন অদক্ষ নারী-পুরুষ শ্রমিকের কর্মসংস্থান হয়েছে, যা তাদের আর্থিকভাবে সহায়তা করছে।”

পাট্টা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আকিদুল ইসলাম বলেন, “আঁধারকোটা খাল খনন স্থানীয় কৃষি ও মৎস্যসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের নিয়মিত তদারকির ফলে কাজ নির্ধারিত মান বজায় রেখেই এগিয়ে চলছে।”

পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান বলেন, "তারেক রহমানের ঘোষিত উন্নয়ন ভাবনার আলোকে পাংশায় দুটি খাল পুন:খনন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, যার প্রায় ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট কাজও নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে।
তিনি বলেন, খাল খনন কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন, বন্যা নিয়ন্ত্রণ, পানি সম্পদ ব্যবস্থাপনা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং স্থানীয় অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের উন্নয়ন কর্মকাণ্ড দেশের সার্বিক উন্নয়ন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্নের সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সহায়ক হবে।"

পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসলাম হোসেন বলেন, “প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারভুক্ত প্রকল্পের আওতায় দুটি খাল পুনঃখননের পাশাপাশি খালের দুই পাড়ে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়েছে। এতে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি খালের পাড় সংরক্ষণেও সহায়ক ভূমিকা রাখবে।”

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক বলেন, “খাল খনন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষি, মৎস্য ও পরিবেশ—তিনটি খাতই উপকৃত হবে। কাজের গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হচ্ছে। বর্তমানে প্রকল্পের প্রায় ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। সুরক্ষার বিষয়টি বিবেচনায় রেখে তালগাছ রোপণ করা হয়েছে।”

স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ হলে পাংশা উপজেলার কৃষি উৎপাদন বৃদ্ধি, দেশীয় মাছের উৎপাদন সম্প্রসারণ এবং জলাবদ্ধতা নিরসনে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন আসবে।

উল্লেখ্য, সরকারের গ্রহণ করা বৃহৎ খাল পুনঃখনন কর্মসূচির আওতায় সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে গত ৩ মে পাংশা উপজেলার পাট্টা ও যশাই ইউনিয়নে দুটি খাল পুন:খনন প্রকল্পের কাজ উদ্বোধন করা হয়।

এস,কে পাল সমীর/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টুঙ্গিপাড়ায় পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ
টুঙ্গিপাড়ায় পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ
দেবীগঞ্জ পৌর বিএনপি থেকে নিশি আক্তারকে অব্যাহতি
দেবীগঞ্জ পৌর বিএনপি থেকে নিশি আক্তারকে অব্যাহতি
মেঘনার পানি ঢাকায় সরবরাহ করা হবে: মির্জা ফখরুল
মেঘনার পানি ঢাকায় সরবরাহ করা হবে: মির্জা ফখরুল