এসি লাগাতে গিয়ে ৬ তলা থেকে পড়ে মৃত্যু

রাজধানীর নিউমার্কেট এলাকায় বাসার ৬ তলার বাইরে এসি লাগানোর সময় অসাবধানতাবশত নিচে পড়ে শামীম হোসেন সাজু নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিউমার্কেটের এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যালে এ দুর্ঘটনা ঘটে। পরে কর্মচারীরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।
মৃত শামীম হোসেন সাজুর গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের মাওয়া পুরাতন ফেরিঘাট এলাকায়। তিনি রাজধানীর পুরানা পল্টনে ‘নিউ কনফিডেন্স রেফ্রিজারেশন’ নামে একটি দোকান চালাতেন।
দোকানের কর্মচারী মামুন জানান, সন্ধ্যায় দোকান মালিক সাজুসহ তারা কয়েকজন নিউমার্কেটের বাটা সিগন্যালের একটি বাসায় এসি লাগানোর জন্য যান। পরে বাসাটির ৬ তলার বাইরের দিকে এসি লাগানোর সময় হঠাৎ অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন সাজু। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য নিউমার্কেট থানাকে জানানো হয়েছে।
ভিওডি বাংলা/এফএ







