• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কিউবায় ভয়াবহ বিদ্যুৎ ও খাদ্য ঘাটতিতে চরম দুর্ভোগ

আন্তর্জাতিক ডেস্ক    ৬ জুন ২০২৬, ০৫:৫৫ পি.এম.
ছবি: সংগৃহীত

চরম জ্বালানি ও বিদ্যুৎ সংকটে কার্যত অচল হয়ে পড়েছে উত্তর আমেরিকার দ্বীপরাষ্ট্র কিউবা। পানি সংকট, দীর্ঘ সময়ের বিদ্যুৎ বিভ্রাট, গ্যাস ও জ্বালানির ঘাটতি, পেট্রলপাম্প বন্ধ হয়ে যাওয়া এবং নিত্যপণ্যের অভাবে দেশজুড়ে জনজীবন ভয়াবহভাবে বিপর্যস্ত হয়ে উঠেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক দৈনিক দ্য নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ছয় দশকের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও রাজনৈতিক উত্তেজনার মধ্যেও কিউবা এখন সবচেয়ে কঠিন অর্থনৈতিক ও মানবিক সংকটের মুখোমুখি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, চলতি বছরে কিউবার প্রধান জ্বালানি সরবরাহকারী ভেনেজুয়েলা থেকে তেল আসা বন্ধ হয়ে যাওয়ার পর পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায়। তেলের মজুত শেষ হয়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বর্তমানে অনেক এলাকায় দিনে মাত্র এক থেকে দুই ঘণ্টা বিদ্যুৎ মিলছে।

বিদ্যুৎ ও গ্যাসের অভাবে বহু পরিবার আবারও কাঠ ও কয়লা ব্যবহার করে রান্না করতে বাধ্য হচ্ছে। শহর ও গ্রামাঞ্চলের বড় অংশ রাত নামলেই অন্ধকারে ঢেকে যাচ্ছে। গরম থেকে রক্ষা পেতে অনেকেই ছাদে বা খোলা জায়গায় রাত কাটাচ্ছেন। একই সঙ্গে জ্বালানি সংকটে পেট্রলপাম্পগুলো প্রায় অচল হয়ে পড়ায় সড়কে যানবাহনের চলাচলও উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঘাটতিও ক্রমেই বাড়ছে। সরকারি দোকানগুলোতে সরবরাহ কমে যাওয়ায় বাজারে ক্রেতা ও বিক্রেতার উপস্থিতি কমে গেছে। সাধারণ মানুষ চালসহ মৌলিক খাদ্যপণ্য কিনতে দীর্ঘ লাইনে দাঁড়ালেও সেগুলো রান্না করাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বিদ্যুৎ ব্যবস্থার এই বিপর্যয়ে প্রায় এক কোটি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কর্মক্ষেত্রেও কাজের সময় কমিয়ে আনা হয়েছে। বিভিন্ন এলাকায় ক্ষুব্ধ মানুষজন থালা-বাসন বাজিয়ে প্রতিবাদ জানিয়েছেন, কোথাও কোথাও ছোট পরিসরে বিক্ষোভও হয়েছে।

এদিকে কিউবা ও যুক্তরাষ্ট্রের মধ্যে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ছে। কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ সম্প্রতি অভিযোগ করেন, কিউবাকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা সৃষ্টির চেষ্টা চলছে। তিনি বলেন, কিউবা যুক্তরাষ্ট্রের জন্য কোনো হুমকি নয় এবং দেশটির যুদ্ধের কোনো ইচ্ছা নেই।

মার্কিন গণমাধ্যমে কিউবার সামরিক সক্ষমতা নিয়ে বিভিন্ন দাবি প্রকাশিত হলেও হাভানা সেগুলো প্রত্যাখ্যান করেছে। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবার কমিউনিস্ট নেতৃত্বের বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের অর্থনৈতিক অবরোধ, জ্বালানিনির্ভরতা এবং ভূরাজনৈতিক উত্তেজনার কারণে কিউবা এখন গভীর সংকটে নিমজ্জিত। দ্রুত কার্যকর সমাধান না এলে দেশটির অর্থনীতি ও জনজীবনের পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু
সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু
জেলেনস্কির বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন
জেলেনস্কির বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন
খামেনির বিশেষ ক্ষমায় কারামুক্ত হচ্ছেন ২ হাজারের বেশি বন্দি
খামেনির বিশেষ ক্ষমায় কারামুক্ত হচ্ছেন ২ হাজারের বেশি বন্দি