নৌপুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন আইজিপি

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির নৌপুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করেছেন। পরিদর্শনে পৌঁছালে নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম তাকে স্বাগত জানান। পরে আইজিপি নৌ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেন এবং সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
বৃহস্পতিবার (৪ জুন) রাজধানীর গুলশান-১ এলাকার পুলিশ প্লাজা কনকর্ডে অবস্থিত নৌপুলিশ কার্যালয়ে তিনি এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।
সভায় আইজিপি সাম্প্রতিক ঈদুল আজহার সময় নৌপথে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, উৎসবকালীন সময়ে নদীপথে যাতায়াতকারী মানুষের নিরাপত্তা নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব, যা নৌ পুলিশ সফলভাবে পালন করেছে।
তিনি আরও উল্লেখ করেন, দেশের নদীপথের নিরাপত্তা, জলজ সম্পদের সুরক্ষা, ইলিশসহ অন্যান্য মৎস্যসম্পদ সংরক্ষণ এবং জলদস্যুতা দমনে নৌ পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব ক্ষেত্রে আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।
আইজিপি প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে নৌ পুলিশের সক্ষমতা উন্নয়নের নির্দেশনা দেন। তিনি বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে পারলে সেবার গুণগত মান আরও বৃদ্ধি পাবে এবং জনগণ দ্রুত ও কার্যকর সেবা পাবে।
এছাড়া জনগণের সঙ্গে আচরণগত শৃঙ্খলা বজায় রাখা এবং সেবামূলক মনোভাব নিয়ে দায়িত্ব পালন করার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন। পুলিশি সেবাকে আরও জনবান্ধব করার আহ্বান জানান তিনি।
সভায় পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজিপি (অর্থ) মো. আকরাম হোসেন (বিপিএম), এসবি প্রধান অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিন, অতিরিক্ত ডিআইজি (ওয়েলফেয়ার ট্রাস্ট) আহম্মদ মঈদ (বিপিএম)সহ নৌপুলিশ হেডকোয়ার্টার্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/জা







