চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউল হক রিপনকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৩ জুন) আড়াইহাজার উপজেলা যুবদলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২ জুন) স্থানীয় একটি ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে জিয়াউল হক রিপন চাঁদা দাবি এবং চাঁদা না দিলে মালিককে হুমকি প্রদান করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার একটি ভিডিও গোপনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভিডিওটি স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভ এবং রাজনৈতিক মহলে তোলপাড়ের সৃষ্টি করে।
ভিডিওটি আড়াইহাজার উপজেলা যুবদলের নজরে আসলে বুধবার উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম ও সদস্যসচিব খোরশেদ আলম ভূঁইয়ার অনুমতিক্রমে এবং দপ্তর সম্পাদক সাদেকুর রহমান সাদেকের স্বাক্ষরিত এক পত্রে এই বহিষ্কারাদেশ জারি করা হয়।
আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্যসচিব খোরশেদ আলম ভূঁইয়া বলেন, জিয়াউল হক রিপনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থি বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত থাকার গুরুতর অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর প্রাথমিক সত্যতা পাওয়ায় তার পদ স্থগিত করে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি ও এর অঙ্গসংগঠন একটি সুশৃঙ্খল ও গণতান্ত্রিক ধারা বিশ্বাস করে। এখানে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার সুযোগ কারও নেই। দলের শৃঙ্খলা ও নীতি রক্ষায় আমরা সবসময় আপসহীন এবং অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
ভিওডি বাংলা/এমএস







