• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দিল্লির হোটেলে ভয়াবহ আগুন, নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক    ৩ জুন ২০২৬, ০২:৫৩ পি.এম.
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ ও আহত অবস্থায় ৪০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩ জুন) সকালে ঘটে যাওয়া এ মর্মান্তিক দুর্ঘটনার সময় হোটেলের অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন। হোটেলটিতে মূলত চিকিৎসার জন্য দিল্লিতে আসা রোগী ও তাদের স্বজনরা অবস্থান করতেন। দক্ষিণ দিল্লির একটি বড় হাসপাতালের নিকটবর্তী হওয়ায় সেখানে বিদেশি নাগরিকদেরও অবস্থান ছিল।

জানা গেছে, সকাল প্রায় ৮টা ৫০ মিনিটে পাঁচতলা ভবন ‘ফ্লোরিশ স্টে’-এর বেসমেন্টে থাকা একটি রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত আগুন পাশের ‘মিকাসা ইন’ নামের আরেকটি হোটেলেও ছড়িয়ে পড়ে।

রেস্তোরাঁয় কর্মরত এক শেফ জানান, বৈদ্যুতিক চুলা চালু করার সময় হঠাৎ আগুনের বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যে তা পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। তিনি কোনোভাবে বেরিয়ে এসে দেখেন ভবনটি আগুনে গ্রাস হয়ে গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযান শুরু করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে জ্বলন্ত ভবন থেকে প্রাণ বাঁচাতে কয়েকজনকে নিচে লাফ দিতে দেখা যায়।

প্রাথমিক তদন্তে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে। প্রশাসনের তথ্য অনুযায়ী, হোটেলটির জন্য মাত্র ছয়টি কক্ষ পরিচালনার অনুমোদন থাকলেও তারা বেসমেন্টসহ মোট ২৫টি কক্ষ পরিচালনা করছিল। এছাড়া পুরো ভবনে যাতায়াতের জন্য ছিল মাত্র একটি প্রবেশ ও নির্গমন পথ, যা জরুরি পরিস্থিতিতে বড় ঝুঁকি তৈরি করে।

হোটেলটির অগ্নিনির্বাপণ-সংক্রান্ত প্রয়োজনীয় অনুমোদন ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি নিহতদের পরিবারের জন্য দুই লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি আর্থিক সহায়তা ঘোষণা করেছেন।

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ উল্লেখ করে বলেন, ফায়ার সার্ভিস, পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা দলের দ্রুত তৎপরতায় অনেক মানুষকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সরকার সার্বক্ষণিক নজরদারি করছে।

সূত্র: এনডিটিভি

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিতর্কিত বিলিয়ন ডলারের তহবিল স্থগিতের ইঙ্গিত ট্রাম্প প্রশাসনের
বিতর্কিত বিলিয়ন ডলারের তহবিল স্থগিতের ইঙ্গিত ট্রাম্প প্রশাসনের
যুদ্ধের পরিস্থিতি মোকাবিলায় আরও বেশি প্রস্তুত ইরান: আইআরজিসি
যুদ্ধের পরিস্থিতি মোকাবিলায় আরও বেশি প্রস্তুত ইরান: আইআরজিসি
হাদি হত্যার পেছনে ভারত, অমিত শাহ ফোন করেছিলেন মমতাকে!
হাদি হত্যার পেছনে ভারত, অমিত শাহ ফোন করেছিলেন মমতাকে!