জাপানের মিতসুই অ্যান্ড কোং প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের শীর্ষস্থানীয় ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
বুধবার (৩ জুন) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেন।
বৈঠকে দুই পক্ষের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে। জাপানের বহুজাতিক প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং বৈশ্বিক পর্যায়ে লজিস্টিকস, অবকাঠামো উন্নয়ন, ধাতু, জ্বালানি এবং খাদ্য বাণিজ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে কার্যক্রম পরিচালনা করে থাকে।

সাক্ষাৎকালে বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ের একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খান এবং অর্থ সচিব মোঃ খায়েরুজ্জামান মজুমদার।
অন্যদিকে, মিতসুই অ্যান্ড কোং-এর প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাকাতো সাতো। তার সঙ্গে ছিলেন এশিয়া প্যাসিফিক বিজনেস ইউনিটের চিফ স্ট্র্যাটেজি অফিসার তাকানোবু মুরায়ামা, মিতসুই বাংলাদেশের কান্ট্রি চেয়ারপারসন কেনইচিরো কাওয়ামোতো এবং ঢাকা শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মনিরুজ্জামান।
বৈঠকে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, জ্বালানি নিরাপত্তা, শিল্পায়ন এবং বাণিজ্য সম্প্রসারণে জাপানি বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। পাশাপাশি দীর্ঘমেয়াদে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সরকারি সূত্রে জানা গেছে, বৈঠকটি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। জাপানের অন্যতম বৃহৎ এই ট্রেডিং প্রতিষ্ঠান বাংলাদেশে তাদের বিদ্যমান কার্যক্রম আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেছে।
ভিওডি বাংলা/জা







