• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

খোলার দিনেও তালাবদ্ধ মধ্যনগর উপজেলা সমাজসেবা অফিস

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি    ৩ জুন ২০২৬, ১২:১২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সমাজসেবা অফিসে সেবা নিতে এসে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। অভিযোগ উঠেছে, সরকারি ছুটির দিন তো বটেই, অনেক সময় অফিস চলাকালেও প্রয়োজনীয় সেবা না পেয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে সেবা গ্রহীতাদের।

বিভিন্ন ভাতা, প্রতিবন্ধী সনদ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত কাজে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ সমাজসেবা অফিসে এলেও অনেক সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুপস্থিতি বা অফিস কার্যক্রম বন্ধ থাকায় নিরাশ হয়ে ফিরে যেতে হচ্ছে।

মঙ্গলবার (২ জুন) দুপুর ১টার দিকে মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয়ে অবস্থিত সমাজসেবা অফিসের অস্থায়ী কার্যালয়ে গিয়ে দেখা যায়, অফিসে তালা ঝুলছে। এ সময় সেবা নিতে আসা বেশ কয়েকজন ভুক্তভোগীকে অপেক্ষা করতে দেখা যায়।

ভুক্তভোগীরা জানান, দূর-দূরান্ত থেকে যাতায়াত খরচ করে অফিসে এসেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। এতে সময় ও অর্থ উভয়েরই অপচয় হচ্ছে। তারা দ্রুত অফিসের সেবা কার্যক্রম নিয়মিত ও জনবান্ধব করার দাবি জানান।

স্থানীয় সচেতন মহলের মতে, সমাজসেবা অফিস জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করে সেবা গ্রহীতাদের দুর্ভোগ লাঘবে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ বলেন, অফিস তো খোলা থাকার কথা। বিষয়টি সম্পর্কে না জেনে আমি কিছু বলতে পারব না।

এ ব্যাপারে বক্তব্য জানতে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এদিকে ভুক্তভোগীরা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে সাধারণ মানুষ হয়রানির শিকার না হয়ে সহজে সরকারি সেবা গ্রহণ করতে পারেন।

ভিওডি বাংলা/এম আর সজিব/জা  


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরু বিক্রি করে নিজের টাকায় গ্রামের রাস্তা মেরামত করলেন যুবক
গরু বিক্রি করে নিজের টাকায় গ্রামের রাস্তা মেরামত করলেন যুবক
কক্সবাজারে ‘সাফ বিচ গেমস’ আয়োজনের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
কক্সবাজারে ‘সাফ বিচ গেমস’ আয়োজনের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
৫০০ হাত পতাকায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা
৫০০ হাত পতাকায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা