• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

হামের উপসর্গে নতুন করে ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক    ১ জুন ২০২৬, ০৬:১১ পি.এম.
হামের প্রাদুর্ভাবের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন শিশু রোগীরা-প্রতীকী ছবি

দেশে হামের সংক্রমণ পরিস্থিতি এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজারেরও বেশি মানুষ এ রোগে আক্রান্ত হয়েছে বলে জানানো হয়েছে।

এর আগের দিন রোববারও দুইজনের মৃত্যু হয়। ফলে চলমান প্রাদুর্ভাব পরিস্থিতিতে মৃত্যুর সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর সোমবার (১ জুন) প্রকাশিত দৈনিক বুলেটিনে জানায়, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু রেকর্ড করা হয়েছে। একই সময় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩৪ জন।

বুলেটিনের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত এই পরিসংখ্যান সংগ্রহ করা হয়েছে।

সরকারি হিসাব বলছে, গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া বর্তমান প্রাদুর্ভাবের সময় থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৮ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়ে মারা গেছে ৯০ জন শিশু। বাকি ৪৯৮ জনের মৃত্যু হামের উপসর্গ সম্পর্কিত হিসেবে নথিভুক্ত করা হয়েছে।

শুধু মৃত্যুই নয়, আক্রান্তের সংখ্যাও ক্রমাগত বাড়ছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, একই সময় পর্যন্ত পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৯৪ জনে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে মোট ৫৭ হাজার ৯০২ জন রোগী।

এর আগে ধারাবাহিকভাবে প্রতিদিন মৃত্যুর তথ্য পাওয়া গেছে। গত বুধবার ও বৃহস্পতিবার পাঁচজন করে এবং মঙ্গলবার একদিনে ১০ জনের মৃত্যুর খবর জানানো হয়েছিল। এতে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, সংক্রমণ নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি আক্রান্ত রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালগুলোতে বিশেষ ব্যবস্থাপনা চালু রাখা হয়েছে।

ভিওডি বাংলা/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাম ও উপসর্গে একদিনে ১০ শিশুর মৃত্যু
হাম ও উপসর্গে একদিনে ১০ শিশুর মৃত্যু
ঈদে অতিরিক্ত গরুর মাংস খেলে কী হতে পারে?
ঈদে অতিরিক্ত গরুর মাংস খেলে কী হতে পারে?
চিকিৎসক-নার্সদের প্রশংসা করলেন ডা. রফিকূল ইসলাম
ঈদে রোগীদের সেবা চিকিৎসক-নার্সদের প্রশংসা করলেন ডা. রফিকূল ইসলাম