• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ডিএসসিসির দ্রুত বর্জ্য অপসারণ, স্বস্তিতে নগরবাসী

নিজস্ব প্রতিবেদক    ১ জুন ২০২৬, ০৬:৩৮ পি.এম.
ছবি: সংগৃহীত

কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন রাজধানীর দক্ষিণ অংশের বাসিন্দারা। ঈদের দিন থেকেই মাঠে নেমে নির্ধারিত পরিকল্পনায় কাজ শুরু করায় অনেক এলাকায় অল্প সময়ের মধ্যেই স্বাভাবিক পরিবেশ ফিরে এসেছে।

সোমবার (১ জুন) রাজধানীর শ্যামপুর, জুরাইন, দোলাইপাড়, কদমতলী, পোস্তগোলা ও ওয়ারী থানার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কোথাও সড়ক বা অলিগলিতে কোরবানির বর্জ্যের বড় কোনো স্তূপ নেই। বেশিরভাগ এলাকায় বর্জ্য অপসারণের পাশাপাশি সড়ক ধোয়া ও পরিচ্ছন্নতার কাজও চলমান রয়েছে।

জুরাইন এলাকার বাসিন্দা মো. সাইফুল ইসলাম বলেন, ঈদের দিন দুপুরের পর থেকেই পরিচ্ছন্নতাকর্মীরা কাজ শুরু করেন। আগের বছরের তুলনায় এবার দ্রুত বর্জ্য সরানো হয়েছে এবং ব্লিচিং পাউডার ছিটানোর ফলে দুর্গন্ধও নেই।

শ্যামপুরের বাসিন্দা রোকসানা বেগম জানান, ঈদের পর কয়েকদিন কিছু সড়ক পুরোপুরি পরিষ্কার করা সম্ভব হয়নি। তবে সোমবার সকাল থেকে পরিচ্ছন্নতাকর্মীরা এসে রাস্তা ধোয়া ও ময়লা পরিষ্কারের কাজ শুরু করায় স্বস্তি মিলছে।

কদমতলীর ব্যবসায়ী আবদুল কাদের বলেন, দ্রুত বর্জ্য সরিয়ে নেওয়ায় দোকানপাট খুলতে কোনো অসুবিধা হয়নি। সিটি করপোরেশনের কর্মীদের অক্লান্ত পরিশ্রমের জন্য তিনি ধন্যবাদ জানান।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের পর কয়েকদিন কিছু এলাকায় সড়ক ও ড্রেনের আশপাশে ময়লা থাকলেও সোমবার সকাল থেকে জোরালোভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। ইতোমধ্যে অধিকাংশ সড়ক পরিষ্কার করা হয়েছে।

ডিএসসিসির অঞ্চল–৫-এর বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আবু তাহের বলেন, "ঈদের দিন সকাল থেকেই আমাদের পরিচ্ছন্নতাকর্মীরা নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করেন। কোরবানির বর্জ্য অপসারণের পাশাপাশি সড়ক পরিষ্কার, ধোয়া ও জীবাণুনাশক ছিটানোর কার্যক্রমও পরিচালিত হচ্ছে।"

তিনি আরও জানান, নগরবাসীর সহযোগিতায় দ্রুত বর্জ্য অপসারণ সম্ভব হয়েছে। কোথাও কোনো বর্জ্য রয়ে গেলে তা দ্রুত সরিয়ে ফেলা হচ্ছে।

অঞ্চল–৫-এর আরেক কর্মকর্তা ইন্সপেক্টর মাসুদ ভুঁইয়া বলেন, ঈদের দিন থেকে টানা পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রয়েছে। শতভাগ পরিষ্কার নিশ্চিতের চেষ্টা করা হচ্ছে এবং কোথাও কোনো সমস্যা থাকলে জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

ডিএসসিসির প্রশাসন সূত্রে জানা যায়, নাগরিকদের সচেতন করতে ৭৫টি ওয়ার্ডে ৪৬ টন ব্লিচিং পাউডার, ২১০ গ্যালন স্যাভলন এবং ১ লাখ ৪০ হাজার বায়োডিগ্রেডেবল ব্যাগ বিতরণ করা হয়েছে।

এছাড়া গত তিন দিনে ডিএসসিসি ও পিসিএসপিসহ মোট ১৩ হাজার ৪৫৩ জন কর্মী বর্জ্য ব্যবস্থাপনায় যুক্ত ছিলেন। ৩৮২টি বিশেষ যন্ত্রপাতিসহ মোট ২ হাজার ১১৭টি ছোট-বড় যানবাহন ব্যবহার করা হয়েছে।

ডিএসসিসি জানিয়েছে, নগর পরিচ্ছন্নতা বজায় রাখতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে এবং ঈদ-পরবর্তী বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম আরও কয়েকদিন চলবে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তেজগাঁওয়ে মালবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত
তেজগাঁওয়ে মালবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা
বর্জ্য দেখলেই সিটি করপোরেশনকে জানান, ১ ঘণ্টায় অপসারণ: ডিএসসিসি প্রশাসক
বর্জ্য দেখলেই সিটি করপোরেশনকে জানান, ১ ঘণ্টায় অপসারণ: ডিএসসিসি প্রশাসক