গোপালগঞ্জে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক বৃষ্টি

গোপালগঞ্জ সদর উপজেলায় বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ব্যক্তির নাম বৃষ্টি মণ্ডল। তার কাছ থেকে মোট ৪ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (৩১ মে) রাতে উপজেলার ভেন্নাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে উত্তর ভেন্নাবাড়ি এলাকার গোপাল মণ্ডলের পরিত্যক্ত কাঁচামালের দোকানের সামনে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের পাশে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন অবস্থায় থাকা বৃষ্টি মণ্ডলকে থামিয়ে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ইয়াবার বড় একটি চালান উদ্ধার করা হয়।
আটক বৃষ্টি মণ্ডল ভেন্নাবাড়ি গ্রামের অশোক মণ্ডলের মেয়ে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, দীর্ঘদিন ধরে তার আপন বোন সীমা মণ্ডলের সহায়তায় তিনি মাদক চোরাচালান ও বিক্রির সঙ্গে জড়িত। তিনি কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে স্বল্প দামে ইয়াবা সংগ্রহ করে গোপালগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় পাইকারি দরে সরবরাহ করতেন বলে দাবি করেন।
এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের এসআই সঞ্জয় মালো জানান, আটক নারীর বিরুদ্ধে মাদক পরিবহন ও বিক্রির অভিযোগে তথ্য যাচাই চলছে। প্রাথমিক তদন্ত শেষে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ আরও জানায়, এই চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং পুরো নেটওয়ার্ক শনাক্তে অভিযান অব্যাহত থাকবে।
ভিওডি বাংলা/জা







