জেলা পরিষদ প্রশাসক
‘কুমিল্লার রাজস্বের ২৫ কোটি টাকা নিয়ে গেছেন আসিফ-হাসনাত’

কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া বলেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালে কুমিল্লা জেলা পরিষদ থেকে ১৫ কোটি টাকা নিয়েছেন। আর এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের বর্তমান এমপি হাসনাত আবদুল্লাহ ১০ কোটি টাকা নিয়ে গেছেন।
শনিবার (৩০ মে) দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।
মোস্তাক মিয়া বলেন, ‘আমার জেলা পরিষদ থেকে মুরাদনগরের আসিফ মাহমুদ রাজস্বের ১৫ কোটি টাকা নিয়ে গেছেন। আরেকজন হাসনাত আবদুল্লাহ। তিনি নিয়ে গেছেন ১০ কোটি টাকা। এটা হলো সমন্বয়ের অবস্থা। তাঁরা চেয়েছিলেন বাংলাদেশে বৈষম্যবিরোধী সমন্বয়ের রাজনীতি, কিন্তু তাঁদের মধ্যেই সেটা ছিল না।’
তিনি আরও বলেন, ‘আজ বাংলাদেশ সরকার জনগণের ভোটে নির্বাচিত। প্রধানমন্ত্রী তারেক রহমান ধ্বংস হওয়া অর্থনীতিকে পুনরুদ্ধারে নিরলস কাজ করছেন তিনি।’
আলোচনা সভায় উপস্থিত ছিলেন- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা (টিপু), কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম প্রমুখ।
ভিওডি বাংলা/এফএ







