`জলাবদ্ধতা যেন ঢাকার মানুষের স্থায়ী অভিশাপ'

রাজধানীর নিউমার্কেটের এক নম্বর গেটের সামনে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের শিক্ষার্থী আরিয়ান খানের অভিভাবক মোসা. নুর নাহার আক্তার বলেন, “বাচ্চাকে স্কুল থেকে নিয়ে ফেরার সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়, আর এতেই রাস্তা ডুবে যায়। রিকশায় যে উঠব, রাস্তার গর্ত তো পানির নিচে দেখাই যায় না। হুট করে রিকশা উল্টে যাওয়ার ভয়ে আতঙ্কে ছিলাম। ফুটপাত দিয়ে হাঁটারও উপায় নেই, সেখানেও পানি। এই নোংরা পানি ডিঙিয়ে বাচ্চাদের নিয়ে চলাচল করা যে কত বড় শাস্তি, তা কেবল আমাদের মতো ভুক্তভোগীরাই বোঝে। জলাবদ্ধতা যেন ঢাকার মানুষের স্থায়ী অভিশাপ হয়ে গেছে।”
আবহাওয়া অধিদপ্তরের থেকে জানানো হয়েছে, সোমবার দুপুর ১২টা থেকে দুপুর ১টার মধ্যে শুধু রাজধানীতেই ৪৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। কোনো এলাকায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তাকে ভারী বৃষ্টি ধরা হয়।
সোমবার (২৫ মে) দুপুরে রাজধানীর উত্তরা, রামপুরা, জিগাতলা, নিউমার্কেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে দেখা যায়, মাত্র দুই থেকে তিন ঘণ্টার বৃষ্টিতে জলাবদ্ধতার চিত্র চোখে পড়ে।
রাজধানীর জিগাতলার বাসিন্দা মো. কাওসার হোসেন বলেন, “জিগাতলা থেকে হাজারীবাগ যাওয়ার এই রাস্তায় সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে আশেপাশে অনেক ব্যবসায়ী ও সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।”
জানা গেছে, ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে ঈদে ঘরমুখো মানুষসহ বিভিন্ন কাজে বের হওয়া মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
ভিওডি বাংলা/এসআর







