কারও ব্যক্তিগত বিরুদ্ধে কটূক্তি বা চরিত্রহনন গ্রহণযোগ্য নয় : আতিকুর রহমান রুমন

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতায় কারও ব্যক্তিগত বিরুদ্ধে কটূক্তি বা চরিত্রহনন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, অপরাধ।
সোমবার (২৫ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেস উইং আয়োজিত সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আতিকুর রহমান রুমন বলেন, সম্প্রতি একটি ঘটনায় দেখা গেছে—এক কিশোরী প্রকাশ্যে প্রধানমন্ত্রীর নাম ধরে সম্বোধন করছে ও প্রধানমন্ত্রীকে তাচ্ছিল্য করছেন এবং সেখানে উপস্থিত সাবেক এক নারী উপদেষ্টা বিষয়টি উপভোগ করছেন। এ ধরনের আচরণ অন্যদেরও একই ধরনের অসৌজন্যমূলক আচরণে উৎসাহিত করতে পারে ।
আতিকুর রহমান রুমন আরও বলেন, কয়েকদিন আগে প্রধানমন্ত্রী এক সাংবাদিককে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। পরে ওই সাংবাদিক যে প্রতিবেদন প্রকাশ করেছেন, তা দেশের মানুষ দেখেছে। এতে বোঝা যায়, সাংবাদিকদের মতামত ও প্রতিবেদনকে সরকার গুরুত্বের সঙ্গেই বিবেচনা করে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এছাড়াও ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি, হাসান শিপলু, সুজন মাহমুদ, শাহাদাত হোসেন স্বাধীনসহ অনেকে উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/এসআর







