• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

যশোরে কাভার্ডভ্যান-ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩, আহত ২

যশোর প্রতিনিধি    ২৩ মে ২০২৬, ০২:২৬ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

যশোর-খুলনা মহাসড়কে কাভার্ডভ্যান ও ইজিবাইকের মধ্যে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় চার বছরের এক শিশুসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে যশোর কোতোয়ালি মডেল থানাধীন চাউলিয়া তেলপাম্পের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিহতরা হলেন- যশোর সদর উপজেলার ঘুনি পূর্বপাড়া এলাকার মৃত হাসান আলী মোল্লার ছেলে ও ইজিবাইক চালক মোহাম্মদ আইয়ুব আলী (৪৩), ঘোড়াগাছা সাহাপাড়া এলাকার সুজন সাহার স্ত্রী বৃষ্টি সাহা (২৪) এবং চাউলিয়া গ্রামের মৃত কালু শেখের ছেলে আনোর আলী (৭০)।

​আহতরা হলেন-নিহত বৃষ্টি সাহার চার বছরের ছেলে সৌভিক সাহা এবং মনিরামপুর উপজেলার মোহনপুর গ্রামের সাজ্জাদ হোসেন (২৮)। তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে খুলনা থেকে যশোরগামী একটি দ্রুতগতির কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট ১৮-০৩২৩) চাউলিয়া তেলপাম্প এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়। এসময় বিপরীতমুখী ইজিবাইকের সঙ্গে কাভার্ডভ্যানটির মুখোমুখি ত্রিমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ঘটনাস্থলেই ইজিবাইক চালক আইয়ুব আলী ও আরোহী বৃষ্টি সাহা প্রাণ হারান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আনোর আলীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

একজন স্থানীয় প্রত্যক্ষদর্শী জানান, ​"হঠাৎ বিকট শব্দ শুনে এগিয়ে এসে দেখি রক্তারক্তি কাণ্ড। ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে গেছে। আমরা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।"

​দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা উদ্ধারকাজে হাত বাড়ায়। পরে খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং আহতদের হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো রাস্তা থেকে সরিয়ে নেওয়ার পর মহাসড়কে প্রায় আধঘণ্টা বন্ধ থাকার পর যান চলাচল স্বাভাবিক হয়।

​দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, যশোর-খুলনা মহাসড়কে প্রতিনিয়ত বেপরোয়া গতিতে ভারী যানবাহন চলাচল করে। চালকদের অসতর্কতা ও অতিরিক্ত গতির কারণেই চাউলিয়া এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা এই মহাসড়কে পুলিশের কঠোর নজরদারি ও স্থায়ী গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুর জোর দাবি জানান।

​কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার পর ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভিওডি বাংলা/জুবায়ের হোসেন/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কসবায় ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড, নিঃস্ব ৪ ব্যবসায়ী
কসবায় ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড, নিঃস্ব ৪ ব্যবসায়ী
ফতুল্লায় শিশুকে ধর্ষণের অভিযোগ, গণপিটুনিতে আহত যুবক
ফতুল্লায় শিশুকে ধর্ষণের অভিযোগ, গণপিটুনিতে আহত যুবক
সাতক্ষীরায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সাতক্ষীরায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার