প্রধানমন্ত্রীর আগমনে নিরাপত্তায় ঘেরা ত্রিশাল

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে শনিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জাতীয় নজরুল জন্মজয়ন্তী উৎসব। এ আয়োজনকে কেন্দ্র করে পুরো উপজেলাজুড়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি অতিরিক্ত সেনা সদস্যও মোতায়েন করা হয়েছে।
পুলিশ, র্যাব ও এসএসএফের সদস্যদের সরব উপস্থিতিতে ত্রিশালের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন সড়ক ও অনুষ্ঠানস্থলে তল্লাশি কার্যক্রমও চালানো হচ্ছে। স্থানীয় প্রশাসনের দাবি, উৎসব ও রাষ্ট্রীয় সফর নির্বিঘ্ন করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
শনিবার (২৩ মে) দুপুরে প্রধানমন্ত্রী ত্রিশালের নজরুল মঞ্চে জাতীয় নজরুল জন্মজয়ন্তী উৎসবের উদ্বোধন করবেন।
সফরের শুরুতে তিনি বৈলর ইউনিয়নের কানহর বাজার এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। এ উপলক্ষে সেখানে একটি জনসমাবেশেরও আয়োজন করা হয়েছে।
পরে দরিরামপুর নজরুল একাডেমি প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এছাড়া স্থানীয় ও বিভাগীয় নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে ত্রিশালে উৎসবের আমেজ বিরাজ করছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ বিভিন্ন এলাকায় টানানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও তোরণ। নজরুল একাডেমি প্রাঙ্গণে নির্মাণ করা হয়েছে বড় প্যান্ডেল। পাশাপাশি বসেছে নজরুল মেলা ও বইমেলা।
স্থানীয়দের আশা, প্রধানমন্ত্রীর এ সফরে ত্রিশালের উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে। বিশেষ করে নজরুল সিটি বাস্তবায়ন, শিল্পনগরী গঠন এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের দাবিগুলো নতুন করে আলোচনায় এসেছে।
ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, অতীতের মতো এবারও ত্রিশালবাসী সরকারের পক্ষ থেকে ইতিবাচক কিছু পাবে বলে তারা আশাবাদী।
তিন দিনের এই আয়োজনজুড়ে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও নানা পরিবেশনা। জাতীয় ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মুখর হয়ে উঠেছে নজরুলের স্মৃতিধন্য ত্রিশাল।







