কলকাতায় ছেলে ফারিশকে নিয়ে সময় কাটাচ্ছেন মাহিয়া মাহি

চিত্রনায়িকা সম্প্রতি কলকাতায় ফিরেছেন। সেখানে স্বামী ও ছেলে ফারিশকে নিয়ে পারিবারিক সময় কাটাতে দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে। বিভিন্ন অনুষ্ঠান ও ব্যক্তিগত মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ভক্তদের নজরও কাড়ছেন তিনি।
সন্তান জন্মের পর অভিনয়ে অনেকটাই অনিয়মিত হয়ে পড়েন মাহিয়া মাহি। ক্যারিয়ারের ব্যস্ততার চেয়ে ছেলে ফারিশকে ঘিরেই যেন বেশি সময় কাটছে তার। কখনো ছেলের হাত ধরে হাঁটা, কখনো খেলাধুলা, আবার কখনো ভিডিওতে ধরা পড়েছে মা-ছেলের হাসিখুশি মুহূর্ত।

জানা যায়, গত ৫ আগস্টের পর দেশ ছাড়তে বাধ্য হন মাহি। প্রথমে কলকাতায় অবস্থান করলেও ভারতের ভিসার মেয়াদ শেষ হওয়ায় পরে যুক্তরাষ্ট্রে যান তিনি। বিদেশে যাওয়ার পর তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে অভিনেত্রীর ভাষ্য ছিল, কিছু প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতেই তার এই বিদেশযাত্রা।
নিউইয়র্কে পৌঁছে প্রথম দিনের একটি পোস্টে মাহি লিখেছিলেন, “ঠিক আছে, ধন্যবাদ, বিদায়।” সেই পোস্ট ঘিরে অনেকে ধারণা করেছিলেন, হয়তো তিনি স্থায়ীভাবে দেশ ছাড়ছেন। তবে মাহির ঘনিষ্ঠজনদের মতে, ছেলে ফারিশ ও দেশের স্মৃতি থেকে তিনি কখনোই নিজেকে দূরে রাখতে পারেননি।
অবশেষে আবারও ছেলের কাছে ফিরেছেন এই অভিনেত্রী। বর্তমানে কলকাতায় পরিবার নিয়ে সময় কাটানোর পাশাপাশি বিভিন্ন আয়োজনে অংশ নিচ্ছেন তিনি। মা-ছেলের মিষ্টি মুহূর্তগুলোও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ প্রশংসা কুড়াচ্ছে।
ভিওডি বাংলা/শাহাদাত হাওলাদার/জা







