উত্তরায় ব্যবসায়ীর বাড়িতে গুলি

রাজধানীর উত্তরায় এক গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২২ মে) রাত ৮টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ২১ নম্বর সড়কের ২ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।
বাড়িটির মালিক আবুল কাশেম। তিনি পেশায় গার্মেন্টস ব্যবসায়ী। একেএসবি গ্রুপের এমডি।
এর আগে গত ১০ মার্চ সন্ধ্যায় একই বাড়িতে মোটরসাইকেলে এসে দুই হেলমেটধারী গুলি চালিয়ে পালিয়ে যায়। ওই ঘটনায় উত্তরায় পশ্চিম থানায় একটি মামলা হয়েছিল।
এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির উত্তরা জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) আরিফুল ইসলাম বলেন, মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা এক ব্যবসায়ীর বাড়িতে গুলি চালিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি বলেন, বাড়ির মালিক ঢাকার বাইরে আছেন। আমরা ফোনে তার সঙ্গে যোগাযোগ করে কারণ জানার চেষ্টা করছি। সেই সঙ্গে সিসিটিভি ক্যামেরা দেখে দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা করছি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যবসায়ীক দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।
ভিওডি বাংলা/বিন্দু







