• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় ১ লাখ ৪০ হাজার পচনশীল ব্যাগ দিচ্ছে ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক    ২২ মে ২০২৬, ০৮:৩৯ পি.এম.
ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির বর্জ্য দ্রুত ও সুশৃঙ্খলভাবে অপসারণে বিশেষ উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ উপলক্ষে নগরবাসীর মধ্যে ১ লাখ ৪০ হাজার পচনশীল ব্যাগ বিতরণ করা হচ্ছে।

শুক্রবার (২২ মে) রাজধানীর এলিফ্যান্ট রোডে এই কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম। এ সময় পচনশীল ব্যাগের পাশাপাশি ব্লিচিং পাউডার ও স্যাভলনও বিতরণ করা হয়।

ডিএসসিসি সূত্র জানায়, এবার ১ লাখ ৪০ হাজার পচনশীল ব্যাগ, ৪০ টন ব্লিচিং পাউডার এবং ১ হাজার ৫০ লিটার স্যাভলন বিতরণ করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আবদুস সালাম বলেন, “কোরবানির বর্জ্য নির্ধারিত ব্যাগে ভরে নির্দিষ্ট স্থানে রাখুন। ডিএসসিসির কর্মীরা দ্রুততম সময়ে সেগুলো সংগ্রহ করবে।”

তিনি আরও বলেন, “কোনোভাবেই কোরবানির বর্জ্য ড্রেন বা নর্দমায় ফেলা যাবে না। এতে রোগজীবাণু ছড়ানোর পাশাপাশি বৃষ্টির সময় ভয়াবহ জলাবদ্ধতা তৈরি হতে পারে।”

ঈদের দিন দুপুর ১২টা থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে জানিয়ে তিনি বলেন, প্রথম দিনের কোরবানির সব বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে অপসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠানে ‘হৃদয়ে এলিফ্যান্ট রোড সোসাইটি’র কাছে পচনশীল ব্যাগ, ব্লিচিং পাউডার ও স্যাভলন হস্তান্তরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রম শুরু হয়।

ডিএসসিসি জানিয়েছে, নাগরিকেরা নিজ নিজ ওয়ার্ড অফিস অথবা বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহে নিয়োজিত প্রাথমিক বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠান (পিসিএসপি) থেকে এসব ব্যাগ ও ব্লিচিং পাউডার সংগ্রহ করতে পারবেন।

সংস্থাটি জানিয়েছে, এবার ঈদুল আজহায় দক্ষিণ সিটি এলাকায় প্রায় ১ লাখ ৭৪ হাজার ৪০৬টি পশু কোরবানির সম্ভাবনা রয়েছে। এ উপলক্ষে ২৮ থেকে ৩০ মে পর্যন্ত তিন দিনে প্রায় ৩৩ হাজার ৯৪২ টন বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বর্জ্য অপসারণে ৩৮২টি ট্রাক, কম্পেক্টর, কনটেইনার ক্যারিয়ার ও পেলোডার ব্যবহার করা হবে। পাশাপাশি পরে ৪৬ টন ব্লিচিং পাউডার ছিটানো হবে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেগম খালেদা জিয়া সফল রাষ্ট্রনায়কের কালজয়ী দৃষ্টান্ত: স্পীকার
বেগম খালেদা জিয়া সফল রাষ্ট্রনায়কের কালজয়ী দৃষ্টান্ত: স্পীকার
পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার
১৩ সিটি করপোরেশন পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার
প্রধানমন্ত্রীর এপিএস সেজে নিয়োগ-বদলি বাণিজ্য, গ্রেপ্তার ১
প্রধানমন্ত্রীর এপিএস সেজে নিয়োগ-বদলি বাণিজ্য, গ্রেপ্তার ১