• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রয়টার্সে জায়গা করে নিল ঢাকার মহিষ!

ভিওডি বাংলা ডেস্ক    ২৩ মে ২০২৬, ০২:২২ এ.এম.
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বাংলাদেশের একটি বিশেষ মহিষকে নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘রয়টার্স’ এ বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিগনেচার হেয়ারস্টাইলের সঙ্গে অদ্ভুত মিল থাকায় মহিষটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। আর এই ব্যতিক্রমী নামের বিরল অ্যালবিনো (ধবল) মহিষটি এখন দেশজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

শুক্রবার (২২ মে) রয়টার্স আলোচিত মহিষটি নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী ঢাকার অদূরে নারায়ণগঞ্জ জেলার একটি অ্যাগ্রো ফার্মে লালন-পালন করা এই মহিষটির ওজন প্রায় ৭০০ কেজি। সাধারণত বাংলাদেশের মহিষগুলো কালো রঙের হলেও এটি একটি বিরল প্রজাতির অ্যালবিনো মহিষ। এর ক্রিম রঙের শরীর, গোলাপি নাক এবং সবচেয়ে আকর্ষণীয়— কপালে ঝুলে থাকা সোনালী রঙের চুল একে অন্য সব পশুর চেয়ে আলাদা করে তুলেছে। এই সোনালী চুলের কারণেই অনেকে মহিষটির সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের চেহারার মিল খুঁজে পাচ্ছেন।

খামারের মালিক জিয়াউদ্দিন মৃধা রয়টার্সকে বলেন, আমার ছোট ভাই মহিষটির মাথার সামনের অংশের চুল দেখে ডোনাল্ড ট্রাম্পের চুলের স্টাইলের সঙ্গে মিল পেয়ে এই নাম রেখেছে। দেখতে অন্যরকম হলেও স্বভাবের দিক থেকে এটি অত্যন্ত শান্ত। এটি একটি অ্যালবিনো মহিষ, আর এ ধরনের প্রাণীরা সাধারণত শান্ত প্রকৃতির হয়, কেউ উসকানি না দিলে এরা আক্রমণাত্মক হয় না।

রয়টার্স তাদের প্রতিবেদনে জানায়, ঈদুল আজহার আগে এই বিশেষ 'সেলিব্রিটি' মহিষটিকে দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে অসংখ্য মানুষ খামারে ভিড় জমাচ্ছেন। অনেকে আসছেন শুধু মহিষটির সঙ্গে একটি সেলফি বা ভিডিও তুলতে। দর্শকদের অতিরিক্ত ভিড়ের কারণে মহিষটি কিছুটা মানসিক চাপে পড়ে ওজন হারাচ্ছিল, যার ফলে খামার কর্তৃপক্ষ দর্শনার্থীদের দেখার ওপর কিছুটা কড়াকড়িও আরোপ করতে বাধ্য হয়।

জানা গেছে, মহিষটির সুস্থতা ও রূপ ধরে রাখতে খামারে চলছে রাজকীয় যত্ন। দিনে চারবার তাকে গোসল করানো হচ্ছে এবং একটি বিশেষ গোলাপি চিরুনি দিয়ে তার সোনালী চুলগুলো আঁচড়ে দেওয়া হয়। এছাড়া তাকে দিনে চার বেলা পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে।

খামারের মালিক জানিয়েছেন, ইতিমধ্যেই ঈদুল আজহায় কোরবানির জন্য মহিষটি একজন ক্রেতার কাছে বিক্রি হয়ে গেছে এবং নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে। তিনি কিছুটা আবেগপ্রবণ হয়ে বলেন, আমি ‘ডোনাল্ড ট্রাম্প’কে খুব মিস করব, তবে এটিই তো ঈদুল আজহার মূল শিক্ষা— ত্যাগের মহিমা।

উল্লেখ্য, বাংলাদেশে ঈদুল আজহা উপলক্ষে গরু, মহিষ ও ছাগলসহ প্রায় ১ কোটি ২০ লাখের বেশি গবাদিপশু কোরবানি করা হয়ে থাকে। তবে প্রতি বছরই কিছু কিছু ব্যতিক্রমী পশু হাটে বা খামারে সবার নজর কাড়ে। এবার নারায়ণগঞ্জের এই বিরল 'ডোনাল্ড ট্রাম্প' মহিষটি শুধু দেশের মানুষেরই নয়, বরং রয়টার্সের মতো বিশ্বখ্যাত সংবাদমাধ্যমেরও দৃষ্টি আকর্ষণ করে আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার জন্ম দিয়েছে।

ভিওডি বাংলা/সম্রাট/বিন্দু


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানের অনুমতিতে হরমুজ পাড়ি দিল ৩৫ জাহাজ
ইরানের অনুমতিতে হরমুজ পাড়ি দিল ৩৫ জাহাজ
পাকিস্তানে অভিযানে শীর্ষ কমান্ডারসহ নিহত ২৩ জঙ্গি
পাকিস্তানে অভিযানে শীর্ষ কমান্ডারসহ নিহত ২৩ জঙ্গি
মহারাষ্ট্রে বাঘের হামলায় নিহত ৪ নারী
মহারাষ্ট্রে বাঘের হামলায় নিহত ৪ নারী