এবারও ঈদের দিন চলবে না মেট্রোরেল

ঈদের দিন বন্ধ রাখা হয় মেট্রোরেলের কার্যক্রম। এবারও সেই ধারা অব্যাহত রাখা হয়েছে। আসন্ন পবিত্র ঈদুল আজহার দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। ঈদের দিন যাত্রী কম থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
ডিএমটিসিএলের উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের সরকারি ছুটিতে উত্তরা উত্তর থেকে প্রথম মেট্রোরেল ছাড়বে সকাল সাড়ে ৬টায়। মতিঝিল থেকে প্রথম মেট্রোরেল ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে। আর উত্তরা উত্তর থেকে সর্বশেষ মেট্রোরেল ছাড়বে রাত সাড়ে ৯টায়। মতিঝিল থেকে সর্বশেষ মেট্রোরেল ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে।
ঈদের ছুটির দিনগুলোয় ১২ থেকে ১৫ মিনিট বিরতিতে (হেডওয়ে) মেট্রোরেল চলবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, ঈদের ছুটিতে ট্রিপ সংখ্যা হবে আনুমানিক ১৪০টি। ট্রেন চলবে সাতটি। যাত্রীচাপ বিবেচনা করে ট্রিপের সংখ্যা প্রয়োজনে সমন্বয় করা হতে পারে।
টিকিট বিক্রয় ও রিচার্জের বিষয়ে বিশেষ নির্দেশনায় জানানো হয়েছে, সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট ক্রয় এবং এমআরটি বা র্যাব পাস রিচার্জ করা যাবে। তবে শুক্রবারের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা রয়েছে; এদিন উত্তরা উত্তর স্টেশন থেকে বিকাল ২টা ৪৫ মিনিট এবং মতিঝিল স্টেশন থেকে বিকাল ৩টা ৫ মিনিট থেকে টিকিট বিক্রি শুরু হবে।







